সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে প্রতিবছর যে নিয়োগ হচ্ছে, তাতে বিভিন্ন কোটা ও দুর্নীতির কারণে প্রকৃত মেধাবী প্রার্থীরা নিয়োগ পাচ্ছেন না। নারী কোটা, পোষ্য কোটা, মুক্তিযোদ্ধা কোটাসহ নানান বেড়াজালে অধিকতর মেধাবী প্রার্থীরা নিয়োগ পাচ্ছেন না। ফলে কোমলমতি শিশুরা যোগ্য ও মেধাবী শিক্ষক হতে বঞ্চিত হচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে তাদের মেধার বিকাশ।
কোটার মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের মান নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। তাই একটি স্বশিক্ষিত মেধাবী জাতি গঠনে, বিশেষ করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোটা প্রথাকে ঢেলে সাজানো এখন সময়ের দাবি। শিক্ষক নিয়োগের সময় কোটাকে প্রাধান্য না দিয়ে মেধাকে প্রাধান্য দেওয়া হোক। মেধায় কোনো কোটাধারী ব্যক্তি নিয়োগপ্রাপ্ত হলে ওই কোটাধারী শিক্ষককে নিয়োগের পর কোটার সব সুযোগ-সুবিধা দেওয়া হোক।
এ ছাড়া শিক্ষক নিয়োগে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ডিগ্রি/অনার্স কিংবা সমমান পাস নির্ধারণ করে প্রার্থীর অন্যান্য যোগ্যতাও অগ্রাধিকার দেওয়া হোক। পাশাপাশি ডিগ্রি/অনার্স/মাস্টার্স কিংবা সমমান পাস করতে যেহেতু অনেক শিক্ষার্থীর বয়স ৩০ বছর পার হয়ে যায়, তাই দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর করা হোক।
শিক্ষার সঙ্গে আপস করে জাতি লাভবান হবে না। এটা আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারব, ততই আমাদের মঙ্গল।
ইনসান আতিক
আখাউড়া।