চূড়ান্ত ফল প্রকাশের পর দীর্ঘদিনেও চাকরিতে যোগদান করতে না পেরে চরম হতাশার মধ্যে রয়েছেন ৩৪তম বিসিএস নন–ক্যাডার থেকে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। চূড়ান্ত ফল প্রকাশের পর ১১ মাস চলে গেছে। অথচ এসব প্রার্থীর নিয়োগের গেজেট এখনো প্রকাশ করা হয়নি। চাকরিজীবন শুরুর আগেই এই দীর্ঘসূত্রতা খুবই হতাশার।
২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার পর ২০১৫ সালের ২৯ আগস্ট চূড়ান্ত ফল (ক্যাডার ও নন–ক্যাডার) প্রকাশ করা হয়। উক্ত বিসিএসের নন–ক্যাডার থেকে ২০১৬ সালের ১০ আগস্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ৮৯৮ জন এবং ১৪ আগস্ট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৫০ জনকে সুপারিশ করে পিএসসি। বিজ্ঞপ্তি প্রকাশের সময় থেকে বিবেচনা করলে প্রায় সাড়ে চার বছর চলে গেছে।
তাঁদের বয়স এখন ৩৫–এর কোঠায়। অথচ ওই বিসিএস থেকে িবভিন্ন পদে সুপারিশপ্রাপ্ত অন্যান্য নন–ক্যাডার অনেক আগেই নিয়োগ পেয়েছেন। অথচ বিদ্যালয়গুলোতে অনেক পদ খালি থাকলেও এ নিয়োগগুলো দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, নিয়োগপ্রত্যাশীদের অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করে তাঁদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিন।
শফকত, চট্টগ্রাম।