প্রায় আট মাস ধরে সিলেকশন গ্রেড বহাল, গ্রেড সমস্যা নিরসন ও পৃথক বেতন স্কেলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করে আসছেন। সরকারের উদাসীন মনোভাবের কারণে তা এখন সর্বাত্মক আন্দোলনে রূপ নিয়েছে। এতে করে সকল বিশ্ববিদ্যালয়ে ক্লাস–পরীক্ষাসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। সরকার ও শিক্ষকদের মাঝে এ অবস্থান অব্যাহত থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা। এতে করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে।
দেশের ৩৭টি পাবলিক ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন। তঁাদের মধ্যে যঁারা এ বছর অর্থাৎ প্রথম বর্ষে ভর্তি হয়েছেন, তঁারা শিক্ষাজীবনের শুরুতেই একটা বড় হোঁচট খেলেন। এ ছাড়া কারও আবার পরীক্ষা শুরু ও শেষের পর্যায়ে রয়েছে। এমনিতে গত বছরের জানুয়ারিতে দশম জাতীয় সংসদ নির্বাচনের বার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের আন্দোলনের কারণে সারা দেশের শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় সে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ছুটির দিনেও অতিরিক্ত ক্লাস পরীক্ষা নিয়ে সেশনজট কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
তার মধ্যে শিক্ষকদের এ আন্দোলন আবার আমাদের ক্লাস-পরীক্ষা পিছিয়ে দিচ্ছে। এ যেন শিক্ষার্থীদের মড়ার উপর খাঁড়ার খা। আমরা আশা করি, সরকার ও শিক্ষক সমাজ ইতিবাচক আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করবেন এবং আমাদের মূল্যবান সময় বাঁচাবেন।
হাসান তারেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।