শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। বর্তমানে আমাদের দেশের প্রায় ৯০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি, যার মধ্যে অনেকগুলো আবার এমপিওভুক্ত। এই এমপিওভুক্ত শিক্ষকেরা আজ সবচেয়ে অবহেলিত ও বেতনবৈষম্যের শিকার। উন্নত দেশগুলোতে শিক্ষকদের বেতন-ভাতাদি সবচেয়ে বেশি, কিন্তু আমাদের দেশে শিক্ষকদের বেতন-ভাতা সরকারি অফিসের একজন পিয়নের চেয়েও কম। যা দিয়ে বর্তমান দুর্মূল্যের বাজারে চলা খুবই কঠিন।
একজন উচ্চশিক্ষিত নন–বিএড শিক্ষকের বেতন স্কেল মাত্র ৬৪০০ টাকা। বিএড প্রশিক্ষণপ্রাপ্ত একজন এমপিওভুক্ত শিক্ষকের বেতন স্কেল ৮০০০ টাকা। সঙ্গে বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা, যা দিয়ে বাড়িভাড়া তো দূরে থাক, বর্তমানে বাড়ির একটি বারান্দাও ভাড়া পাওয়া যায় না। চিকিৎসা ভাতা দেওয়া হয় মাত্র ৩০০ টাকা। অথচ বর্তমানে একজন ভালো ডাক্তার দেখানোর ফি জনপ্রতি ৪০০ টাকার কম নয়। টেস্টের কথা না হয় বাদই দিলাম।
উৎসব ভাতা কর্মচারীরা পান বেসিকের ৫০ শতাংশ, আর শিক্ষকেরা পান মাত্র ২৫ শতাংশ। একই দেশে দুই ধরনের নিয়ম। সেক্ষেত্রে একজন নন–বিএড শিক্ষক পান মাত্র ১৬০০ টাকা। অপরদিকে বিএড প্রশিক্ষণপ্রাপ্ত একজন শিক্ষক পান মাত্র ২০০০ টাকা। এই সামান্য উৎসব ভাতার টাকা দিয়ে পরিবারের তিন-চারজন সদস্যের জন্য কী কেনা যায়? কোরবানির ঈদে সমস্যাটা হয় আরও বেশি। কারণ, এই সামান্য টাকা দিয়ে না কেনা যায় কোরবানির পশু, না যায় পরিবারের সদস্যদের অন্যভাবে খুশি করা।
এ অবস্থায় আসন্ন পে-স্কেল ঘোষণার আগে শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল চালু করে অবহেলিত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দুর্দশা দূর করে এখন থেকে বেতন-ভাতাদি প্রতি মাসের ৩ তারিখের মধ্যে পরিশোধ করার জন্য বিনীত আর্জি জানাচ্ছি।
মো. মোশতাক মেহেদী, কুষ্টিয়া।