শিক্ষকদের দুর্গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন স্কেলে বেতন প্রদানের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের মধ্যকার বৈষম্য ও অসংগতি এখনো সুরাহা হয়নি। বেসরকারি শিক্ষকেরা নতুন স্কেলে বেতন না পাওয়ায় বর্তমানে চরম হতাশা ও নৈরাজ্যের মধ্যে দিনাতিপাত করছেন। ২০১৫ সালের জুলাই মাস থেকে কার্যকর হওয়া নতুন বেতন স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্তির গেজেট প্রকাশিত (২০ ডিসেম্বর ২০১৫ তারিখে প্রকাশ) হওয়ার পরও এখনো তা বাস্তবায়িত হয়নি।
এমন কেন হবে? মাধ্যমিক বিদ্যালয় থেকে কলেজ পর্যন্ত দেশের সিংহভাগ শিক্ষা কার্যক্রম সম্পন্ন করে থাকেন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকেরা। অথচ তাঁদের প্রাপ্য মজুরি প্রদানের বিষয়ে রাষ্ট্রযন্ত্রের ভূমিকা খুবই নৈরাশ্যজনক ও অমানবিক। ২০০৯ সালের পর থেকে বন্ধ এমপিওভুক্তির কার্যক্রম। ঘোচেনি পদোন্নতির ক্ষেত্রে অমানবিক অনুপাত প্রথা। আগের সরকার বেসরকারি শিক্ষকদের ২৫ শতাংশ উৎসব ভাতা চালু করলেও বর্তমান সরকার আর কিছু বাড়ায়নি।
দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে। কিন্তু বেসরকারি শিক্ষকদের জন্য সরকার কেন আরও অধিকতর কল্যাণের পথ সুগম করছে না? আগামী এপ্রিল মাসের ৩ তারিখ থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের পরীক্ষা শুরু হবে। এমতাবস্থায় মার্চ মাসেই যদি সরকার বেসরকারি শিক্ষকদের বকেয়া বেতনসহ নতুন বেতন স্কেল না দেয়, তাহলে শিক্ষক সংগঠনগুলো পরীক্ষা বর্জনসহ নানাবিধ আন্দোলনের কর্মসূচি দিতে পারে।
শরিফুল ইসলাম, রাজবাড়ী।