শিক্ষকদের পৃথক স্কেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম জাতীয় পে-স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে প্রায় দ্বিগুণ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই নতুন পে-স্কেলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন ঘটেনি। যার কারণে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা ভীষণ হতাশ হয়েছেন। শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। এই মানুষ গড়ার কারিগরেরা আজ রাষ্ট্রে সবচেয়ে অবহেলিত, তাঁরা আজ বেতনবৈষম্যের শিকার।
উন্নত দেশগুলোতে যেখানে শিক্ষকদের বেতন অনেক বেশি, সেখানে আমাদের দেশে বেসরকারি শিক্ষকদের বেতন খুবই কম। যা দিয়ে বর্তমান দুর্মূল্যের বাজারে জীবনযাপন করা ভীষণ কঠিন ও কষ্টকর। অথচ জাতীয় শিক্ষানীতিতে সর্বস্তরের শিক্ষকদের জন্য পৃথক বেতনকাঠামো করার কথা বলা হয়েছে। কিন্তু সরকার আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেটি বাস্তবায়ন করছে না। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা, যা দিয়ে বাড়িভাড়া তো দূরে থাক, বর্তমানে বাড়ির একটি বারান্দাও ভাড়া পাওয়া যায় না। চিকিৎসা ভাতা দেওয়া হয় মাত্র ৩০০ টাকা, অথচ বর্তমানে একজন ভালো ডাক্তারের ফি ৫০০-৬০০ টাকা, এর সঙ্গে আছে বিভিন্ন ধরনের টেস্ট, তারপর আছে বিভিন্ন ধরনের ওষুধ কেনা।
মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের ভালো বেতন দেওয়ার বিকল্প নেই। কারণ, মাথায় খরচের চিন্তা নিয়ে পাঠ দান করা সম্ভব নয়। আশা করি, সরকার বিষয়টির গুরুত্ব উপলব্ধি করবে।
মো. মোশতাক মেহেদী, শিক্ষক, কুষ্টিয়া।