আমি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক তৃতীয় গণবিজ্ঞপ্তির আলোকে সুপারিশপ্রাপ্ত একজন হতভাগা শিক্ষক। অনেক কাঠখড় পুড়িয়ে সরকার আমাদের নিয়োগ দিল আর বেশির ভাগ শিক্ষা কর্মকর্তা ঠুনকো অজুহাতে আমাদের এমপিও ফাইল আটকিয়ে হাজার হাজার টাকার ঘুষ বাণিজ্য করছে। ধৈর্যের চরম সীমা অতিক্রম করে ফেলেছে শিক্ষা অফিস সংশ্লিষ্ট এসব কর্মকর্তারা।
সারা দেশে নতুন শিক্ষকদের কাছ থেকে যেভাবে ঘুষ নেওয়া শুরু করেছে এদেরকে যদি থামানো না যায় তাহলে জাতিকে আমরা নীতি নৈতিকতা কী শিক্ষা দেব? আমরা মেধার ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত। আমরা আর কত হয়রানির শিকার হব?
ভেরিফিকেশনের নামে পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী, নিয়োগ ও যোগদান এর নামে প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটি, এমপিওভুক্তির নামে উপজেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, আঞ্চলিক শিক্ষা কর্মকর্তা, বোর্ড, প্রোগ্রামার, অধিদপ্তর কত জায়গায় আমরা আর হয়রানির স্বীকার হব? আমরা কী এ তথাকথিত মহান পেশায় এসে অন্যায় করলাম?
চরম হয়রানির আরেক নাম মাদ্রাসা অধিদপ্তর। মাদ্রাসা অধিদপ্তর বিগত ফেব্রুয়ারি মাসে কোনো যৌক্তিক কারণ ছাড়াই ইতিহাসের রেকর্ড সংখ্যক (৮০ শতাংশ) নব যোগদান কৃত শিক্ষকদের এমপিও আবেদন ফাইল প্রত্যাখ্যান করছে। যা চরম অন্যায় ও শিক্ষকদের ওপর মহা-অবিচার। অথচ নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষক প্রিলিমিনারি, লিখিত, ভাইভা পাস করে তারপর সব সনদ যাচাই করে, পুলিশ ভেরিফিকেশন শেষ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সুপারিশপ্রাপ্ত।
শিক্ষা মন্ত্রণালয় ও মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষকদের দাবি এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অটো-এমপিওর ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে এমপিও আবেদন প্রত্যাখ্যান বন্ধ করতে হবে। মাদ্রাসা অধিদপ্তরের লাগাম টেনে ধরতে হবে
মো. রাহাত মিয়া
একজন ভুক্তভোগী শিক্ষক