সরকারি কর্মচারীদের চাকরির বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৫৯ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বয়সসীমা ৬৫ বছর। অথচ বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসাশিক্ষকদের অবসর গ্রহণের বয়সসীমা ৫৭ বছরই রয়ে গেছে।
বেসরকারি শিক্ষকেরা সরকারি শিক্ষকদের মতো পেনশন পান না। অন্যান্য সুযোগ–সুবিধাও খুবই কম, ফলে অবসর গ্রহণের পর তাঁদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ে। তবে যাঁরা প্রচুর টিউশনি করেন তাঁদের কথা আলাদা। এ ছাড়া মানুষের গড় আয়ুও বেড়েছে, ফলে এই শিক্ষকদের বয়সসীমা দুই বছর বাড়ানো হলে তাঁরা আরও বেশি দিন তাঁদের অভিজ্ঞতা দিয়ে ছাত্রদের সমৃদ্ধ করতে পারেন। বিভিন্ন সময় বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরির বয়সসীমা দুই বছর বাড়ানোর দাবি জানানো হলেও তা শিক্ষা মন্ত্রণালয়ের বিবেচনাধীন পর্যায়ে দীর্ঘদিন ঝুলন্ত অবস্থায় রয়েছে।
এ প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যত তাড়াতাড়ি সম্ভব দেশের বেসরকারি শিক্ষক সমাজের কল্যাণের কথা বিবেচনা করে চাকরির বয়সসীমা দুই বছর বাড়ানো হোক।
আব্দুল জলিল, স্কুলশিক্ষক, ঝিনাইদহ।