মানিকগঞ্জের শিবালয় থানার শিবালয় সরকারি উচ্চবিদ্যালয় একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিবছর এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫-সহ শতভাগ পাস করে আসছে। কিন্তু বিদ্যালয়টিতে পর্যাপ্ত শিক্ষক নেই। ইংরেজি, গণিত ও বিজ্ঞানের শিক্ষকস্বল্পতা রয়েছে। বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ মোট ১৬ জন শিক্ষক থাকার কথা থাকলেও এখানে প্রধান শিক্ষকসহ রয়েছেন মাত্র ১০ জন।
এই বিদ্যালয়ের দুজন শিক্ষক প্রেষণে অন্যত্র নিয়োজিত রয়েছেন। তা ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ (২২ ফেব্রুয়ারি ২০১৬) প্রজ্ঞাপন অনুযায়ী, এখানকার আরও দুজন শিক্ষককে অন্যত্র বদলি করা হয়েছে। যদিও তাঁদের পদায়ন করা হয়নি। এই বদলির আদেশ কার্যকর হলে এখানে আর কোনো ইংরেজির শিক্ষক থাকবেন না। এ ছাড়া এখানে গণিত, ধর্ম ও বিজ্ঞানের শিক্ষক নেই।
এ রকম একটি স্বনামধন্য বিদ্যালয়ের যদি এ অবস্থা হয়, তাহলে অন্যদের কী অবস্থা, তা সহজেই অনুমেয়। শিক্ষা খাতকে অবহেলা করে এ জাতি কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা আমাদের বোধগম্য নয়। আমরা আশা করি, সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে শিক্ষকস্বল্পতা দূর করবে।
মো. জিয়াউর রহমান, মানিকগঞ্জ।