শিক্ষকের অবহেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায়ই আমাদের দেশের রাজনৈতিক নেতারা, আমলা ও জাতির অভিভাবকদের মুখে শুনি, শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর। যদি তাই হয়, তাহলে শিক্ষকেরা এত অবহেলিত কেন? বেসরকারি এমপিওভুক্ত স্কুলের শিক্ষকেরা মাসে চিকিৎসা ভাতা ও বাড়িভাড়া পাবেন যথাক্রমে ৫০০ ও ১ হাজার টাকা। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা চিকিৎসা ভাতা ও বাড়িভাড়া পাবেন যথাক্রমে ১ হাজার ৫০০ টাকা ও অবস্থানভেদে মূল বেতনের ৪০ থেকে ৫৫ শতাংশ।
বেসরকারি শিক্ষকেরা সারা জীবনে টাইম স্কেল পেতেন মাত্র একটি, অথচ সরকারি চাকরিজীবীরা পান তিনটি। বর্তমানে ১ হাজার টাকায় বস্তিতে একটি ঘর ভাড়া পাওয়া কঠিন, অথচ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে বেসরকারি স্কুলের শিক্ষকেরাই মুখ্য ভূমিকা পালন করছেন। যে শিক্ষক সারা জীবন অসংখ্য ডাক্তার, প্রকৌশলী, আমলা, রাজনীতিবিদ তৈরিতে বিশেষ ভূমিকা পালন করলেন, সেই শিক্ষকের মানসম্মত বাসস্থানের সুযোগ হয় না, তাঁকে সইতে হয় নানা রকম গঞ্জনা। অথচ অনেকেই বলছেন, আমাদের এগিয়ে যেতে হলে শিক্ষায় গুরুত্ব দেওয়ার বিকল্প নেই। তার জন্য মেধাবী শিক্ষার্থীদের শিক্ষকতা পেশায় আসতে উৎসাহিত করতে হবে।
সুধাংশু শেখর রায়, শিক্ষক, সাভার, ঢাকা।