নতুন পে-স্কেল অনুযায়ী সব শ্রেণির সরকারি চাকরিজীবীরা বৈশাখী ভাতা পেয়ে গত বছর বাংলা নববর্ষ উদ্যাপন করলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তা পাননি। এ কারণে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা ভীষণ হতাশ ও ক্ষুব্ধ। গতবারই প্রথম প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীকে মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা দেওয়া হয়েছে।
সত্যিই বড় বিচিত্র ও আজব দেশ আমাদের এই বাংলাদেশ! মনে প্রশ্ন জাগে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কি নববর্ষ পালন করেন না? এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাওয়ার কথা থাকলেও তাঁরা আজ পর্যন্ত সেটি পাননি।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আন্দোলন করলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হয়, কিন্তু শিক্ষকেরা বঞ্চিত হলে কার লাভ হয়? এমপিওভুক্ত শিক্ষকেরা সর্বতোভাবে অবহেলিত ও বৈষম্যের শিকার। তাই এবার যাতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতা ও ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাওয়া থেকে বঞ্চিত না হয়, সে জন্য আগে থেকেই সরকারকে পদক্ষেপ নিতে হবে।
শিক্ষকদের বঞ্চিত করে আর যাই হোক শিক্ষার উন্নতি হতে পারে না। আশা করি, সরকারের কর্তাব্যক্তিরা কথাটা বুঝতে পারবেন।
মো. মোশতাক মেহেদি, শিক্ষক, কুষ্টিয়া।