প্রাথমিক শিক্ষকেরা যথারীতি জুন মাসের বেতন পেলেও ব্যতিক্রম হলো ঢাকা শহরের প্রাথমিক শিক্ষকেরা। জুনের ২০ থেকে ২২ তারিখ পর্যন্ত ঢাকার প্রাথমিক শিক্ষকেরা হন্যে হয়ে ব্যাংক ও থানা শিক্ষা অফিসে বেতনের আশায় ঘুরে বেড়িয়েছেন। অবশেষে বেতন না পেয়ে অনেকেই বাড়িযাত্রা বাতিল করেন।
বেতন পাইনি—এ মহা সত্য কাউকে জানাতে গেলে নিজেদের মিথ্যাবাদী মনে হয়। সারা দেশের সব সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন পেলেও বঞ্চিত হয়েছেন ঢাকা শহরের প্রাথমিক শিক্ষকেরা। বিষয়টি অনেকটা প্রদীপের নিচে অন্ধকারের মতো। এতে আমাদের পরিবারের ঈদ আনন্দ মাটি হয়ে গেছে। আমাদের সন্তানেরা এবার ঈদ উদ্যাপন করতে পারেনি। তারা এবার ঈদ পালন করেছে। কথা হচ্ছে, শিক্ষকদের এভাবে বঞ্চিত করে কী লাভ। তাঁরা অভাবে ও নিরানন্দে থাকলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। এ কথা নিশ্চয়ই সরকার বোঝে। কিন্তু তারপরও কেন শিক্ষকদের সঙ্গে এই আচরণ করা হচ্ছে।
মো. সিদ্দিকুর রহমান, ঢাকা।