ইতিহাস বলে, যুগে যুগে অতি অত্যাচারী শাসকও নত শিরে গুরুর সামনে দাঁড়িয়েছেন। গুরুকে অসম্মানের ধৃষ্টতা কেউ দেখাননি। চাণক্য শ্লোকে আছে, ‘এক অক্ষরদাতা গুরুকেও গুরু বলিয়া মান্য করিবে। এক অক্ষরদাতা গুরুকে যে গুরু বলিয়া মান্য করে না, সে শতবার কুকুরের যোনীতে জন্মগ্রহণ করে চণ্ডালত্ব লাভ করিবে।’
১১ জানুয়ারি বিরোধী দলের একজন সাংসদের দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন দোলাইরপাড় স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক। স্কুল পরিচালনা পর্ষদে সাবেক সাংসদ, না বর্তমান সাংসদ থাকবেন—তা নিয়ে মতবিরোধের জেরে এই লাঞ্ছনার ঘটনা ঘটেছে। হীরক রাজার দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে ক্ষমতাসীন রাজা দেশের মানুষের ওপর তার আধিপত্য বিস্তার করেছিল। সভ্যতার এ যুগে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে নিজেদের আধিপত্য বিস্তার করে নতুনভাবে ক্ষমতার দাপট দেখানো হচ্ছে।
এত দিন আর্থিক দীনতা থাকলেও সম্মানের ও শ্রদ্ধার আলাদা একটি স্থান বরাদ্দ ছিল শিক্ষকদের জন্য। এখন দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। শিক্ষকদের জন্য ‘ননসেন্স’ নামক বিশেষণ বরাদ্দ হয়েছে। অধিকার চাইতে গিয়ে শিক্ষকদের ভাগ্যে জুটেছে পেপার স্প্রে, পুলিশের লাঠিপেটা। সাংসদের বিরুদ্ধে কথা বলায় শিক্ষককে দিগম্বর করে এলাকায় ঘোরানোর খবরও আমরা পত্রিকায় পড়েছি। কর্তব্য পালন করতে গিয়ে শিক্ষককে সরকারি কর্মকর্তার রোষানলে পড়ে তাঁর পা ধরে মাফ চাইতেও দেখেছি। প্রতিটি ঘটনার পরে কিছুসংখ্যক শিক্ষকের মানববন্ধনের মাধ্যমেই প্রতিবাদ শেষ হয়ে যায়। এখন আমার প্রশ্ন, আর কতটা অপমানিত হলে প্রাথমিক না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক—সে প্রশ্ন না তুলে সব শিক্ষক তাঁদের মর্যাদার প্রশ্নে এক হবেন?
শাকিলা নাছরিন
ঢাকা।