শিক্ষকেরা রাস্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতনের নিশ্চয়তার জন্য আবারও রাস্তায় নামতে হলো শিক্ষকদের। এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষক। তাঁরা বলেছেন, সরকার এমপিও না দিলে তাঁরা আর ঘরে ফিরবেন না।
আমরা এ কোন রাষ্ট্রে বাস করছি, যেখানে শিক্ষকদের দাবি আদায়ের জন্য রাস্তায় আন্দোলন করতে হয়। কয়েক বছর আগে আমরা দেখেছি, প্রাথমিক শিক্ষকেরা ঢাকার রাজপথে দাবি-দাওয়া আদায়ে আন্দোলন করতে এলে পুলিশ তাদের চোখে–মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছিল। সে ঘটনা আমাদের লজ্জিত করলেও রাষ্ট্রের কর্তাব্যক্তিদের মধ্যে বিকল্প চিন্তার উদ্রেক করেছে বলে মনে হয় না। ফলে আবারও শিক্ষকদের আন্দোলনে নামতে হয়েছে।
দেশের সরকারি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেলে আমাদের অর্থমন্ত্রী বলেন, চার হাজার কোটি টাকা তেমন বড় অঙ্ক নয়। অথচ যে শিক্ষকেরা জাতির কারিগর, সরকার তাদের পেটের ভাত নিশ্চিত করার ব্যাপারে চরম উদাসীন। এটা করে সরকার কী অর্জন করতে চায়? আমরা নিম্ন–মধ্যম আয়ের দেশ হয়েছি, ডুগডুগি বাজাচ্ছি। কিন্তু সেখান থেকে আরও ওপরে উঠতে গেলে মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই। আর সেটা নিশ্চিত করতে হলে শিক্ষকদের জীবনমান উন্নয়ন করতে হবে, এটাই তার প্রথম শর্ত।
এডওয়ার্ড গৌতম, ঢাকা।