দেশের অন্যান্য খাতের মতো আমাদের শিক্ষাব্যবস্থাও দুর্নীতিকবলিত। চরম বিশৃঙ্খলা ও নিয়মনীতিহীন এক পরিবেশে ছাত্রছাত্রীরা লেখাপড়া শিখছে। বেশির ভাগ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে কোনো লেখাপড়া হয় না বললেই চলে। বেশির ভাগ শিক্ষক প্রাইভেট পড়ানোতে বেশি ব্যস্ত থাকেন। শিক্ষকেরাও আজকাল তাঁদের মহান পেশার কথা ভুলে গিয়ে দ্রুত অর্থবিত্তের মালিক হতে চান। ছাত্রছাত্রী ও অভিভাবকদের ভয়ভীতি দেখিয়ে ছাত্রছাত্রীদের তাঁদের কাছে প্রাইভেট পড়তে বাধ্য করা হচ্ছে।
প্রতিটি বিষয়ের বা একাধিক প্রাইভেট শিক্ষক রাখা অনেকের পক্ষেই সম্ভব নয়। অথচ যে বিষয়ে ছাত্রটি প্রাইভেট পড়বে না, সে বিষয়েই ছাত্রছাত্রীরা কম নম্বর পাবে অথবা তাদের ফেল করিয়ে দেওয়া হবে। তাই সবকিছু জেনে-শুনেও অভিভাবকেরা এটা মেনে নিয়েছেন। বর্তমান বোর্ডের ফাইনাল পরীক্ষার চেয়ে স্কুলের পরীক্ষায় পাস করাই কঠিন হয়ে পড়েছে। আমাদের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়, এর বিনিময়ে আমরা পাই অস্বাভাবিক পাসের হার আর বছরের প্রথম দিনে বিনা মূল্যে বই। আবার বেশির ভাগ বিদ্যালয়ে বছরের প্রথম দিন বড় অঙ্কের উন্নয়ন ফি জমা না দিলে বিনা মূল্যের বইও দেওয়া হয় না।
তাই দেশের ভবিষ্যৎ মঙ্গলের জন্য শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখতেই হবে। শ্রেণিকক্ষে পাঠদানের ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে শিক্ষকদের বেতন-ভাতা বাড়িয়ে দিতে হবে। শিক্ষাকে সব রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে।
বিপ্লব রহমান
ফরিদপুর।