একটা দেশ উন্নত করতে হলে দুটি খাতে নজর দিন—১. শিল্প, ২. বিশ্ববিদ্যালয়—যেখানে হবে গবেষণা। বিশ্ববিদ্যালয় টিকিয়ে রাখতে অবশ্যই সম্মানিত শিক্ষকদের অবদান অপরিসীম, তাঁরাই তো সেখানে কান্ডারির ভূমিকা পালন করেন। যঁাদের হাতের ওপর দিয়ে তৈরি হয় শত শত পুলিশ, সচিবসহ প্রশাসনের কর্মকর্তারা।
বিভিন্ন চ্যানেল ও সংবাদমাধ্যমে দেখা যায়, পৃথিবীর কোনো দেশে সমস্যা সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শ চাওয়া
হয়। যেমন: অর্থনীতি, রাজনীতি, শিল্প, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, বিজ্ঞানসহ সব ক্ষেত্রেই। কারণ শিক্ষকেরাই তো এসব বিষয় নিয়ে গবেষণা করেন। আর আমলারা তো নিজের বুদ্ধিমত্তা দিয়ে শিক্ষকদের পরামর্শগুলোকে বাস্তবে রূপ দেন।
আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এখন গবেষণায় অনেক পিছিয়ে। এতে শিক্ষকদের কিছুটা দায়ভার আছে। কিন্তু সরকারের দায়ভার কি কম? সরকার জিডিপির কত ভাগ শিক্ষার পেছনে ব্যয় করছে? গবেষণায় কত টাকা বরাদ্দ করছে? বলা বাহুল্য, এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন বৃত্তি নিয়ে বিদেশে যান, তখন তো তাঁরা ঠিকই অনেক বড় বড় গবেষণাপত্র বের করেন।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাজ নাকি খুব কম। কিন্তু আমাদের নিয়মিত ক্লাস নেওয়ার পাশাপাশি ছাত্রদের প্রতি সেমিস্টারে চার-পাঁচটি পরীক্ষার খাতা দেখতে হয়। ছাত্রদের উন্নতমানের শিক্ষাদানের জন্য নিজেকেও তো ঝালিয়ে নিতে হয়। ফলে একটি ক্লাসের জন্য একজন শিক্ষককে যে প্রস্তুতি নিতে হয়, সেই সময় কি কর্মসময় হিসেবে গণ্য হবে না! আমলাতন্ত্র ও শিক্ষা পরস্পরবিরোধী নয়। শিক্ষার্থীরা ভালো শিক্ষা না পেলে ভালো আমলাই বা হবো কী করে? শিক্ষাকে অবহেলা করে জাতি কখনো এগিয়ে যেতে পারে না।
শরীফ আহমেদ
শিক্ষক, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল।