শিক্ষা মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি দেশের শিক্ষাব্যবস্থার শৃঙ্খলার ওপর নির্ভর করে সেই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা। আর শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর নির্ভর করে শিক্ষার মান। আমাদের দুর্ভাগ্য যে শিক্ষা মন্ত্রণালয়ের মতো এমন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সম্প্রতি একটি অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত জারি করে প্রান্তিক জনপদের শিক্ষাপ্রতিষ্ঠানকে বিপাকে ফেলেছে। এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পোশাকধারী পাহারাদার বা প্রহরী নিয়োগ করতে হবে। উত্তম প্রস্তাব!
এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী জানেন কি, বাংলাদেশের গ্রামের, এমনকি উপজেলা শহরের অনেক প্রতিষ্ঠানের অবকাঠামো নেই, সীমানাপ্রাচীর তো দূরের কথা। যদি সীমানাপ্রাচীর না থাকে, তাহলে প্রহরী থাকবে কি গরু-ছাগল তাড়ানোর জন্য? যদি এ দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তা মন্দ নয়। কারণ, এখনো অনেক প্রতিষ্ঠানে শিক্ষকেরা গোবরের গন্ধে ঠিকমতো পাঠদান করতে পারেন না।
দেশে যদি সুষম উন্নয়ন হতো, তাহলে যে প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী নেই, সেখানে প্রাসাদসম ভবন আর যেখানে ছাত্রছাত্রীদের বসার সংকুলান হয় না, সেখানে ভবন ও বেঞ্চসংকট হতো না। অনেক আগেই শুনেছি, প্রতিটি উপজেলায় একটা করে কলেজ জাতীয়করণ করা হবে। শুনে মনে খুশি ধরে! কিন্তু যখন দেখি নীতিমালার তোয়াক্কা না করে শুধু রাজনৈতিক বিবেচনায় কলেজ বা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হচ্ছে, তখন বিশ্বাসের পারদটা তর তর করে নিচের দিকে নামতে থাকে!
এই প্রহরী নিয়োগ নিয়ে ইতিমধ্যে অনেকেই গোঁফে তা দিতে শুরু করেছেন। ফলে আমরা হয়তো আবারও নিয়োগ-বাণিজ্যের নানা খবর শুনব। আর মন্ত্রণালয়কে অনুরোধ, দয়া করে বাস্তবতা উপলব্ধি করে বাস্তব ও সমতাভিত্তিক সিদ্ধান্ত নিন। এতে দেশের প্রান্তিক জনগণের উপকার হবে এবং দেশের জনগণের কষ্টার্জিত সম্পদের অপচয় রোধ হবে।
মো. রবিউল ইসলাম
বগুড়া।