শিক্ষানবিশ চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে যত পেশা রয়েছে, তার মধ্যে চিকিৎসা মহান পেশাগুলোর মধ্যে অন্যতম। একজন অসুস্থ রোগীর সুস্থ হওয়ার ক্ষেত্রে চিকিৎসকের অবদান অনস্বীকার্য। চিকিৎসকের কর্তব্য যেমন রোগীর উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা, তেমনি সবার সঙ্গে সুন্দর আচরণ করা। কিন্তু বেশ কিছুদিন যাবৎ হাসপাতালগুলোতে শিক্ষানবিশ চিকিৎসকদের আচরণে সাধারণ মানুষ অত্যন্ত বিরক্ত। শিক্ষানবিশ চিকিৎসকেরা মনে হয় ভুলে গেছেন যে, কেবলমাত্র শিক্ষানবিশিরকাল সুন্দরভাবে সম্পন্ন হলেই তারা চিকিৎসক হওয়ার সনদ লাভ করবেন। ইদানীং হাসপাতালে তাঁদের কর্মকাণ্ডে মনে হয়, তারা চিকিৎসক হতে নয় বরং মাস্তানি করতেই হাসপাতালে কর্তব্যরত আছেন।
অতিসম্প্রতি মিটফোর্ড হাসপাতালে একজন সেবিকাকে প্রহার করেছেন একজন শিক্ষানবিশ চিকিৎসক। এর কিছুদিন আগে শিক্ষানবিশ চিকিৎসকেরা বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভির কয়েকজন সাংবাদিককে বেদম মারধর করেন এবং তাদের ক্যামেরা ও মুঠোফোন ভেঙে দেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকেরা মামলা করলে তা প্রত্যাহারের দাবিতে তিন দিন কর্মবিরতি পালন করেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতির ফলে হাসপাতালে রোগীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। কাজেই হাসপাতালগুলোতে শিক্ষানবিশ চিকিৎসকদের অন্যায়ের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে আর শিক্ষানবিশ চিকিৎসকেরা রোগীদের ভোগান্তিতে না ফেলতে পারে।
উজ্জ্বল দাস পোদ্দার
ঢাকা।