শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরাই কেন এমন অবহেলিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ছবি: প্রথম আলো

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাণ হলেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। মানুষের জ্ঞানচর্চার শুরুর থেকেই ছাত্র-শিক্ষকের সম্পর্কের সূচনা হয়েছে। একটি শিশু বাবা-মায়ের মাধ্যমে পৃথিবীতে আসে। তবে শিক্ষকের কাছে বৈচিত্র্যময় পৃথিবী সম্পর্কে জানতে ও বুঝতে শেখে। শিশুকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন শিক্ষক।

আমাদের দেশে শিক্ষক-ছাত্রের মধ্যে এক আশ্চর্য সেতুবন্ধ রয়েছে। একজন আদর্শ শিক্ষক জ্ঞানার্জনের পেছনে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি স্বপ্ন দেখান, অনুপ্রেরণা জোগান। শিক্ষকেরা একসময় অভিভাবকতুল্য আচরণ করেন, আবার কখনো কখনো বন্ধুসুলভ হন। ফলে অভিভাবক ও বন্ধুত্বের একটি মিশ্রণ থাকবে শিক্ষকের আচরণের মধ্যে। দেশের সংস্কৃতিতে হাজার বছর ধরে ছাত্র-শিক্ষকের পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক চলে আসছে।

শুধু শিক্ষা কিংবা জ্ঞানার্জনের মধ্যে ছাত্র-শিক্ষকের সম্পর্ক সীমাবদ্ধ নয়, একজন ছাত্রের বিপদ-আপদ ও দুর্দিনে ছায়ার মতো পাশে দাঁড়ান শিক্ষক। তাই তো সেই ছাত্রজীবনে যত বড়ই হোন, শিক্ষককে ভক্তিভরে সম্মান ও শ্রদ্ধা করেন। প্রত্যেক মেধাবী ছাত্রছাত্রী গড়ে তোলার পেছনে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে পিতাতুল্য শিক্ষকের অবদান নিহিত থাকে। কারণ, পৃথিবীতে বাবা-মায়ের সঙ্গে মানুষের যেমন জন্মগত সম্পর্ক, তেমনি শিক্ষকদের সঙ্গে ছাত্রদের সম্পর্ক আত্মার।

কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ওপরের কথাগুলো যেন মুহূর্তেই একেবারে মিথ্যা হয়ে যায়। ছাত্ররা যেকোনো দেশের ভবিষ্যৎ আর শিক্ষকেরা দেশ গড়ার কারিগর। একটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশ শিক্ষক তাঁদের লেকচার ও শিটের মধ্যে সীমাবদ্ধ থাকেন। তাঁরা মনে করেন, ছাত্র-শিক্ষক সম্পর্কে নৈকট্যের চেয়ে দূরত্বই কাম্য। জ্ঞান বিতরণের পাশাপাশি শিক্ষকের দায়িত্ব শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা উপলব্ধি করা।

বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের সমস্যার মূলে রয়েছে আবাসিক শিক্ষকদের দায়িত্বে অবহেলা। পুরোনো জরাজীর্ণ বিল্ডিং, খাবারের নিম্নমান, অপরিচ্ছন্ন ডাইনিং, খাবারে ময়লা-পাথর ইত্যাদি সমস্যায় জর্জরিত আবাসিক হলগুলো। আছে নামমাত্র হল, কমন রুম; নেই বিনোদনের যথেষ্ট সরঞ্জাম। ফলে সাধারণ ছাত্ররা রিডিংরুম বিমুখ হয়ে পড়ছে। এ ছাড়া টিভিরুমে চেয়ারের স্বল্পতা, অপরিষ্কার বাথরুম–টয়লেট হলের পরিবেশকে আরও বেশি ব্যাহত করছে।

আবাসিক শিক্ষকেরা হলে আসেন না, এলেও হল প্রভোস্টের সঙ্গে সাক্ষাৎ করে চলে যান। তবে এসব হল সংস্করণের ব্যাপারে নেই কোনো পদক্ষেপ। এসব সংস্কারের জন্য শিক্ষার্থীরা দাবি তুললেই তাঁদের নানা হেনস্তার মুখে পড়তে হয়। হল থেকে বের করে দেওয়া, তদন্ত কমিটি গঠন প্রভৃতির শেষ নেই। সম্প্রতি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) এমনটাই ঘটেছে। অথচ শিক্ষকদের উচিত ছিল শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধান করা। সর্বোপরি, ছাত্র-শিক্ষক সম্পর্কের মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা, শাসন ও স্নেহ নিহিত থাকে, এমনটাই প্রত্যাশা করছি।

মো. সাইফুল মিয়া
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়