বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সুদূরপ্রসারী ষড়যন্ত্রের শিকার হয়েছে বলে মনে হয়। আমাদের দেশের মানুষ এখন সন্তানকে পড়াশোনা শেখাতে চায়। ফলে শিক্ষা খাতে দেশে যে বিরাট বাণিজ্যের সুযোগ সৃষ্টি হয়েছে, সেটা আরও বড় করতেই ধনিক শ্রেণির স্বার্থে প্রথমে প্রাথমিক বিদ্যালয় ধ্বংস করেছে, তারপর মাধ্যমিক। বাংলাদেশে প্রায় প্রতিটি জেলায় নামকরা সরকারি স্কুল ছিল, সেগুলোতেও এখন আর পড়াশোনা হয় না। এরপর কলেজগুলো ধ্বংস করা হয়েছে।
এগুলোকে পুরোপুরি খোঁড়া করার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মানও নামিয়ে দেওয়া হয়েছে। বাংলা মিডিয়াম যত খারাপ হবে, ইংলিশ মিডিয়ামে ছাত্রসংখ্যা তত বাড়বে, আর ইংলিশ মিডিয়ামে যত ছাত্র বাড়বে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক ছাত্রসংখ্যা তত বাড়বে। আবার বাংলা মিডিয়ামের পরীক্ষার মান যত নামানো হবে, ততই তথাকথিত ভালো ফল করা ছাত্রের সংখ্যা বাড়বে। আর এতে করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক ছাত্রসংখ্যা আরও বাড়বে। এবার হাত দেওয়া হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে। এই অষ্টম বেতন স্কেল যেভাবে আছে, সেটা টিকে গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মান কমতে বাধ্য। আর শিক্ষকের মান কমলে শিক্ষার মানও কমবে। তখন ষোলো কলা পূর্ণ হবে। তখন বলা যাবে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হয় না (যদিও সেটা কমবেশি এখনো বলা হয়)।
শতাধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর পঞ্চাশেরও অধিক প্রাইভেট মেডিকেল কলেজে ছাত্র জোগান দেওয়ার সহজ উপায় হলো জিপিএ–৫–প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা বাড়িয়ে দেওয়া। এটা দুভাবে করা হচ্ছে, ১. পরীক্ষার প্রশ্ন সহজ করা বা প্রশ্নপত্র ফাঁস করা ২. পরীক্ষার খাতা মূল্যায়নের মান নামিয়ে আনা, অর্থাৎ লিখলেই নম্বর। এই পরিস্থিতি চলতে থাকলে কিন্তু উন্নয়নের ইঞ্জিনও বন্ধ হয়ে যাবে, তাই সরকারকে এ বিষয়টি ভেবে দেখতে হবে।
ড. কামরুল হাসান
অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।