আমাদের এসএসসি পরীক্ষায় অনেকগুলো বিষয়ে লিখিত অংশের সময় দুই ঘণ্টা ১০ মিনিট। অনেক সময় দেখা যায় যে এই সময়ের ভেতরে ছয়টি সৃজনশীল প্রশ্ন পড়ে উত্তর দেওয়া এবং রিভিশন দেওয়া আমাদের পক্ষে সম্ভবপর হয় না। তাই রিভিশন দেওয়ার আগে কিংবা উত্তর লেখার আগেই দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা উত্তরপত্র কেড়ে নেন। ফলে ওই বিষয়ে আমাদের প্রাপ্ত নম্বরের পরিমাণ কমে আসছে এবং ফলাফল খারাপ হচ্ছে। অনেক ভালো ছাত্রও জিপিএ-৫ পাচ্ছে না।
আবার বহুনির্বাচনী অংশে সময় থাকে ৪০ মিনিট। এই অংশে সময় শেষ হওয়ার আগেই আমাদের পরীক্ষা শেষ হয়ে যায়। অর্থাৎ সম্পূর্ণ সময় আমাদের প্রয়োজন হয় না এবং পরীক্ষার নির্ধারিত সময়ের আগেই আমরা হল থেকে বেরিয়ে আসি। কিন্তু লিখিত অংশে সময়স্বল্পতার কারণে আমাদের তাড়াহুড়ো করতে হয়। ফলে ভালো লেখার সুযোগ হয় না।
জেএসসি পরীক্ষায় লিখিত ও বহুনির্বাচনী অংশের প্রশ্ন একত্রে দেওয়া হয় এবং মোট সময় থাকে তিন ঘণ্টা। এতে মোট সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা উভয় অংশে সমতা বিধান করে সুন্দর করে লিখতে পারে।
এ অবস্থায় পদ্ধতিটি যদি এসএসসি পরীক্ষায়ও কার্যকর করা হয়, তাহলে ছাত্রছাত্রীদের জন্য সুবিধাজনক হয় এবং তারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী প্রশ্নের উত্তর সুন্দরভাবে লিখতে পারে।
উক্ত বিষয়টি বিবেচনায় এনে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় এই পদ্ধতিটি চালু করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।
শুভ চৌধুরী, আল-আমিন সোহেল
জালালাবাদ সেনানিবাস, সিলেট।