শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচিং–বাণিজ্য বন্ধের লক্ষ্যে বর্তমানে শিক্ষামন্ত্রী এইচএসসিসহ বিভিন্ন ক্ষেত্রে ভর্তির প্রক্রিয়া বিভিন্নভাবে নির্ধারণ করার চেষ্টা করছেন। যাতে করে ছাত্রছাত্রী বা অভিভাবকেরা হয়রানির শিকার না হন। যেমন এসএসসি পাস করে কলেজে ভর্তির ক্ষেত্রে একজন ছাত্র বিভিন্ন কলেজে ইন্টারনেটে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদনের পর একটি নির্দিষ্ট তারিখে সবগুলো কলেজ একসঙ্গে Ranking System এ ফলাফল প্রকাশ করে থাকে। ফলাফলের পর জানা যায় একজন ছাত্র কোন কলেজে কত নম্বর Ranking এ অবস্থান করছেন। এরপর যদি সরকার কর্তৃক একটি নির্দিষ্ট সময়ে সবগুলো কলেজে একত্রে ভর্তি হওয়ার তারিখ নির্ধারণ করে দেয়, সে ক্ষেত্রে যে যেখানে খুশি সেখানে ভর্তি হবে। অর্থাৎ Double ভর্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না। এতে করে ছাত্রছাত্রীদের হয়রানিও অনেকাংশে কমে যাবে।
এইচএসসির পর ডিগ্রি লেভেলে ভর্তির ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা যেতে পারে। ফলে একদিকে যেমন কোচিং–বাণিজ্য অনুৎসাহিত হবে অন্যদিকে ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরও হয়রানি অনেকাংশে কমে আসবে। এইচএসসি পরীক্ষা দেওয়ার পরপরই শুরু হয় ছাত্রছাত্রীদের কোচিং প্রতিযোগিতা। এতে করে ছাত্রছাত্রীরা একদিকে যেমন বিরামহীন পরিশ্রমের সম্মুখীন হয়, অন্যদিকে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়। তা ছাড়া, এইচএসসি পরীক্ষার পর সমগ্র দেশের ছাত্রছাত্রীদের কোচিং করার জন্য ঢাকা অভিমুখী হতে হয়। ফলে ঢাকাতে যানজট, থাকা-খাওয়াসহ বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়।
ডিগ্রি লেভেলে ভর্তির ক্ষেত্রে যদি ভর্তি পরীক্ষা নিতেই হয় তাহলে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই পাঠ্যবই ভিত্তিক প্রশ্ন প্রণয়ন করে ক্যাটাগরি অনুযায়ী পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের একটি মেধাতালিকা তৈরি করে রাখা যেতে পারে। ভর্তি পরীক্ষা ক্যাটাগরি অনুযায়ী মেডিকেলের মতো গুচ্ছপদ্ধতিতে হলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের হয়রানি অনেকাংশে লাঘব হতো। পরবর্তী সময়ে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর পর তৈরীকৃত মেধা স্কোরের সঙ্গে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একটি চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করে যে যেখানে ভর্তি হওয়ার যোগ্য তা জানিয়ে দেওয়া যেতে পারে। তবে একটি নির্দিষ্ট সময়ে ভর্তির তারিখ দেওয়া হলে একজন ছাত্রছাত্রী একাধিক জায়গায় ভর্তি না হয়ে এক জায়গায় ভর্তি হবে। এতে করে একদিকে যেমন ভর্তিতে ডুপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকবে না, অন্যদিকে ছাত্রছাত্রীদের আর্থিক সাশ্রয় হবে এবং অভিভাবকগণও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।
অন্যান্য বছরের মতো এ বছরও মেডিকেল ব্যতীত অন্যান্য সব ক্যাটাগরিতে প্রতিষ্ঠানভিত্তিক আলাদা আলাদা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষে যদি সব শিক্ষাপ্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময়ে ভর্তির তারিখ নির্ধারণ করা হয়, তাহলে একজন ছাত্রছাত্রী একাধিক জায়গায় কোয়ালিফাই করেও তার পছন্দমাফিক জায়গায় ভর্তি হবে, এতে ডুপ্লিকেশন না হয়ে অন্য আরেকজন ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবে।
আমার উক্ত মতামতের সঙ্গে প্রয়োজনে আরও বিশেষজ্ঞদের মতামত যোগ করে যদি একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, তাহলে কোচিং–বাণিজ্য যেমন বন্ধ হবে তেমনি ছাত্রছাত্রী এবং অভিভাবকরাও আর্থিক এবং মানসিক হয়রানি থেকে নিষ্কৃতি পাবে বলে মনে করি।
শফিকুর রহমান
বিরাসার, ব্রাহ্মণবাড়িয়া।