শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মগবাজার গার্লস হাইস্কুল—ঢাকা শহরের নামকরা একটি স্কুল। এই স্কুলের সাবেক ছাত্রীদের অনেকেই আজ উদ্যোক্তা, কেউ ব্যাংকার, কেউ শিক্ষিকা, কেউ নায়িকা, কেউ বা নামকরা গায়িকা।
স্কুলের স্মৃতি রোমন্থন করতে ২০১৩ সালের মার্চ মাসে প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী হয়। সেখানেই নানা অনিয়ম আর দুর্নীতি দেখে আমরা ব্যথিত হই। ২০১৫ সালে হঠাৎ করেই যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে।
আমরা জানতে পারি, স্কুলটির বর্তমান কমিটির চেয়ারম্যান, যিনি অন্য একটি জেলা থেকে সাংসদ নির্বাচিত, স্কুলের নাম বদল করে তাঁর মায়ের নামে নামকরণ করতে চাইছেন। আর এই কাজে উৎসাহ জোগাচ্ছেন এমন ব্যক্তি, যিনি গত জানুয়ারি মাসে অবসরপ্রাপ্ত হওয়া সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োজিত আছেন।
শুধু তা-ই নয়, কমিটির ১১ জন সদস্যের মধ্যে এমন একজন ব্যক্তি আছেন, যিনি কোনোভাবেই স্কুলের কার্যক্রমের সঙ্গে যুক্ত নন। মগবাজার গার্লস হাইস্কুলের অবস্থানগত কারণে এর জমির মূল্য এখন আকাশছোঁয়া। কমিটির সদস্যরা স্কুলের জায়গায় বহুতল ভবন তৈরি করার হুমকিও দিয়েছেন।
যদি সত্যিই স্কুলের নাম বদলে যায়, তাহলে আমাদের এত দিনের স্মৃতি ও পরিচয় হারিয়ে যাবে। তাই মগবাজার গার্লস হাইস্কুলটির নাম যাতে পরিবর্তন করা না হয়, সে জন্য শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
রেবেকা বেগম
মগবাজার গার্লস হাইস্কুলের প্রাক্তন ছাত্রী, ঢাকা।