সৃজনশীল শিক্ষাপদ্ধতি যে কার্যকর হচ্ছে না, তা কমবেশি সবাই স্বীকার করে নিয়েছেন। কথা হচ্ছে, সৃজনশীল পদ্ধতি প্রয়োগের জন্য ছাত্র বা ছাত্রীকে মূল পড়াশোনা ভালো করে আত্মস্থ করাতে হবে। কিন্তু তা না করে এই পদ্ধতি প্রয়োগ করতে গিয়ে ছাত্রছাত্রীদের পাগল হওয়ার জোগাড় হয়েছে। বিশেষ করে, গণিতে সৃজনশীলের নামে যে ভয়াবহতা তৈরি হয়েছে, তাতে ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে সরে আসতে বাধ্য হচ্ছে। তাদের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে।
সৃজনশীল ব্যবস্থায় তো ছাত্রছাত্রীদের চাপ কমার কথা। কিন্তু গণিত পরীক্ষায় তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে যতগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে, তাতে তারা আরও বেশি চাপে পড়ে যাচ্ছে। শিক্ষকেরাও সৃজনশীল পদ্ধতিতে পড়াতে পারছেন না।
এই চাপের কারণে আজকের ছেলেমেয়েদের শৈশব-কৈশোর নেই। আমরা ফল ভালো দেখাচ্ছি, কিন্তু গড়পড়তা মান বজায় রাখতে পারছি না। এর মধ্যে অনেকেই ভালো করছে, তা ঠিক। তবে এটা সামগ্রিকভাবে ভালো হচ্ছে না। তাই এখন সৃজনশীল ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে হবে।
তৃপ্তি সরকার, ঢাকা।