বাংলাদেশে সম্ভবত সবচেয়ে বেশি হয়রানির শিকার হয় শিক্ষার্থীরা। স্কুলে শিক্ষার্থীদের এত বিষয় পড়তে হয় যে তা সত্যিই আতঙ্কের বিষয়ে পরিণত হয়েছে। ২০১৫ সালে যারা এসএসসি পরীক্ষায় পাস করল, তারা বোধ হয় সবচেয়ে বেশি ভুক্তভোগী। সেই পঞ্চম শ্রেণি থেকে এই শিক্ষার্থীদের শুরু হয়েছে দুর্ভোগ। এদের সময় হঠাৎ করেই জুলাই মাসে ঘোষণা আসে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার। এরপর নবম শ্রেণিতে বইগুলোর আমূল পরিবর্তন, অঙ্কে সৃজনশীল ও শারীরিক শিক্ষা নামে আরও একটি বিষয় সিলেবাসে যুক্ত হয়।
নবম শ্রেণিতে পড়ার সময় তারা মুখোমুখি হয়েছে রাজনৈতিক অস্থিরতা লাগাতার হরতালের। এ কারণে ক্লাস করতে না পারায় তাদের কোচিংয়ের ওপর নির্ভরশীল হতে হয়েছে। এরপর এসএসসি পরীক্ষার সময় চলল টানা তিন মাস অবরোধ।
এবার শুরু হলো আরও একটি যন্ত্রণা, আর তা হলো একাদশ শ্রেণিতে ভর্তি। গত ২৯ মে হঠাৎ করেই ঘোষণা এল, এবার অনলাইনের মাধ্যমে বা টেলিটকের খুদে বার্তার মাধ্যমে আবেদন করতে হবে শিক্ষা বোর্ডে। বোর্ডই সিদ্ধান্ত নেবে, কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তি হবে। এ আবেদনের সময় একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি কলেজে আবেদন করতে পারবে। এরপর ২৫ জুন ফলাফল বেরোলে অনলাইনের মাধ্যমেই ভর্তি হতে হবে।
এখন আমাদের প্রশ্ন, বাংলাদেশে কত দরিদ্র শিক্ষার্থী আছে, কত নিম্নবিত্ত পরিবার আছে, তারা ইন্টারনেট কী, তা-ই হয়তো জানে না। এ রকম একটা সিদ্ধান্ত নেওয়ার ফলে সবাই এখন বিপাকে পড়বে। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের হয়রানির কথা চিন্তা করে যথাযথ ব্যবস্থা নেবে। একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামত ও সুবিধাকে গুরুত্ব দেবে।
ধানমন্ডি, ঢাকা।