আমাদের সমাজে অপরাধীরা অপরাধ করে সহজে পার পেয়ে যায়। অপরাধীরা কদাচিৎ ধরা পড়লেও আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায়। পরবর্তীকালে এরা দ্বিগুণ শক্তিতে অপরাধে সম্পৃক্ত হয়। যার ফলে সমাজে অপরাধের মাত্রা ও সংখ্যা দিন দিন বাড়ছে।
সম্প্রতি অনেক শিশু নির্যাতনের শিকার হচ্ছে। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী, দেশে গত সাড়ে তিন বছরে ৯৬৮ শিশু নিহত হয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় শিশুহত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। অন্যদিকে অপরাধ সংঘটন, তদন্ত ও বিচার-প্রক্রিয়ার বিভিন্ন স্তরে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সংশ্লিষ্টতা আমাদের সমাজকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। যার ফলে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি হচ্ছে।
অসহায় শিশুর প্রতি আমাদের এ নিষ্ঠুর আচরণ পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, তথা সর্বত্র অহরহ ঘটতে দেখা যায়। শিশুর প্রতি নিষ্ঠুরতা রোধ করার জন্য জাতিসংঘ শিশু অধিকার সনদ রয়েছে। এ সনদ বাস্তবায়নের জন্য ২০১৩ সালে সরকার ‘শিশু আইন, ২০১৩’ প্রণয়ন করেছে। আমরা এই আইনের প্রয়োগ চাই।
আশরাফুল আজিম
সিলেট।