দেশের আনাচকানাচে দিন দিন শিশু নির্যাতনের সংখ্যা বেড়েই চলছে। এর পেছনে শিশুশ্রম ও আইনের যথাযথ প্রয়োগ না হওয়াটাই মূলত দায়ী। সম্প্রতি আলোচিত রাজন হত্যা, মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ, টেকনাফ উপজেলায় মামার হাতে শিশু তাসলিমা খুনসহ চারপাশে অহরহ শিশু নির্যাতিত হচ্ছে। গণমাধ্যমে তো আবার সব খবর আসেও না, ফলে মফস্বল এলাকায় অসংখ্য শিশু প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে।
জরিপে দেখা যায়, সাত-আট বছরের শিশু থেকে ১২-১৩ বছরের শিশুদের শ্রম বিক্রি করতে হচ্ছে। এদের বেশির ভাগই দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারের শিশু। যাদের এখন বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, তারা এই বয়সে শ্রম দিচ্ছে।
বিভিন্ন জরিপে দেখা যায়, পূর্ণ বয়স্কদের কাজে পূর্ণ বয়স্কদের পাশাপাশি ৩৫ শতাংশ শিশুকে নিয়োগ করা হয়। শিশু হিসেবে তাদের শরীরের শতভাগ শক্তি দিয়ে পূর্ণ বয়স্কদের মতো শ্রম দিলেও তারা সেই পারিশ্রমিক পাচ্ছে না। আবার পান থেকে চুন খসলেও তাদের নির্যাতনের শিকার হতে হচ্ছে। দেশের শিশুদের জন্য শিশু নির্যাতন আইন, শিশু মন্ত্রণালয়, শিশুশ্রম আদালত, শিশু নিরাপদ কেন্দ্র ইত্যাদি কাগজে-কলমে থাকলেও বাস্তব ক্ষেত্রে তার প্রয়োগ না থাকায় শিশু নির্যাতনের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে এটা মানুষের মনোবিকারেরও লক্ষণ। নানা মানসিক বৈকল্যের কারণে এটি ঘটে থাকে বলে ধারণা করা হয়।
মো. রেদোয়ান হোসেন, শিক্ষার্থী, ঢাকা।