শিশুদের নিরাপদ জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন ধরে পত্রিকায় শিশুহত্যা ও নির্যাতনের অনেক খবর ছাপা হচ্ছে। আর এসব হত্যার বিবরণ পড়তে গেলে গা শিউরে ওঠে। সিলেটের সামিউল, বরগুনার রবিউল, খুলনার রাকিব হত্যার চরম নিষ্ঠুরতার বিবরণ আমরা পত্রিকায় পড়েছি।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে, এ বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত ৬৯টি শিশুকে হত্যা করা হয়েছে। দেশে আইনের শাসনের সূচক কত নিচে নামতে পারলে শিশুহত্যার এত বিশাল পরিসংখ্যান সৃষ্টি হতে পারে?
আমরা যখন শিশুদের পরিচর্যা, শিশুদের সুযোগ-সুবিধা, মেধা বিকাশ নিয়ে চিন্তা করব, ঠিক তখনই শিশুহত্যা নিয়ে প্রতিবাদের কালি ছুড়ে মারছি। আমরা যখন নিজেদের সভ্য জাতি বলে দাবি করছি, তখন শিশুহত্যার প্রতিবাদ নয় বরং শিশুদের নিয়ে কীভাবে সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ব, তা ভাবার কথা ছিল।
কারণ, কোনো সভ্য জাতির ইতিহাসে শিশুহত্যা তো দূরের কথা, এত নিষ্ঠুর-নির্মম কায়দায় শিশুহত্যা হয়নি। হত্যার শিকার এসব শিশু দরিদ্র ঘরের সন্তান। পেটের টানে, দুমুঠো ভাতের জোগান দিতে শিশুরা কাজে নেমেছিল। বিভিন্ন অজুহাতে যখন শিশুদের নির্যাতন-নিষ্ঠুরতা নিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে, এখন তার মানে কি শিশুদের মৃত্যুর মূল কারণ ক্ষুধা?
সমাজবিজ্ঞানীদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে, শিশু নির্যাতনের কারণ উদ্ঘাটন করে সমাধানের পথ বাতলানো।
মো. মিনহাজুর রহমান ভুঞা, ঢাকা।