২১ অক্টোবর প্রথম আলোর ৪ নম্বর পাতায় দেখলাম ইউএনএফপির বৈশ্বিক প্রতিবেদনের ওপর একটি সংবাদ ছাপা হয়েছে। এর যে বাক্যটি আমাকে আকৃষ্ট করেছিল, তা হলো, ‘১০ বছর বয়সী মেয়েদের সম্ভাবনাকে কতটুকু কাজে লাগানো হয়েছে তার ওপরই নির্ভর করছে একেকটি দেশের ভবিষ্যৎ।’
পুরো লেখাটি পড়ে ঘর থেকে বেরোনোর সময় দেখি, ১০–১১ বছরের এক বালিকা গৃহকর্মীর কাঁধে ২০–২৫ কেজি ওজনের একটি সুটকেস। সে সাত তলা থেকে থেমে নামতে নামতে পাঁচ তলার অর্ধেক পর্যন্ত এসে সুটকেসটি নিয়ে বসে হাঁপাচ্ছে। পাশের ফ্ল্যাটের এক ভদ্রমহিলা বললেন, প্রতিনিয়তই এই মেয়েকে এ রকম ভারী বোঝা সাত তলা থেকে নামাতে হয়।
সকল সম্মানিত গৃহকর্তা ও গৃহকর্ত্রী, যাঁরা গৃহকর্মী নিয়োগ দেওয়ার সামর্থ্য রাখেন, তাঁদের কাছে আকুল আবেদন, এই শিশুকন্যাদের প্রতি সদয় হোন। এরাও মানুষ। দয়া করে তাদের বাসি খাবার খেতে দেবেন না। তাদের এখন বাড়ন্ত শরীর। এখন যদি তারা ঠিকমতো খেতে না পায়, তাহলে তাদের বাকি জীবনটা ভালো যাবে না। সেটা হলে কর্মশক্তির একটি বড় অংশ অপুষ্টিতে ভুগবে। তারা হারাবে জীবনের রম্যতা, দেশ হারাবে কর্মশক্তি।
সবচেয়ে বড় কথা, শিশুশ্রম কাঙ্ক্ষিত নয়। ক্ষেত্রবিশেষে তা বেআইনিও বটে। কিন্তু বাস্তবতার প্রয়োজনে তারা কাজ করতে বাধ্য হচ্ছে। তাই আসুন, কিছুটা স্নেহ–ভালোবাসা দিয়ে ওদের তথা জাতির ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখি।
মো. গিয়াসউদ্দিন আহমেদ, ঢাকা।