শিশুশ্রম
শিশুশ্রম সামাজিক শোষণের দীর্ঘস্থায়ী হাতিয়ার। অতিদরিদ্র পরিবারের সন্তানেরা সর্বজনীন শিক্ষা বা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিতে না পেরে শিশুশ্রমে জড়িয়ে পড়ে।
মূলত দরিদ্র পিতা-মাতা অন্ন-বস্ত্রের চাহিদা পূরণের জন্য শিশুদের কাজ করতে পাঠায়। বর্তমানে সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান এবং ইউনিসেফসহ দেশ-বিদেশের বিভিন্ন সংগঠন শিশুশ্রম রোধে ব্যাপক কাজ করে যাচ্ছে। কিন্তু শিশুশ্রম, শিশু নির্যাতন, শোষণ ইত্যাদি থামানো যাচ্ছে না।
ভবিষ্যৎ প্রজন্মকে সম্ভাবনার আলো দেখাতে শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তা না হলে আগামী প্রজন্ম প্রশ্নবিদ্ধ হবে। তাই প্রত্যেক শিশুর বেড়ে ওঠার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সরকারের একার পক্ষে শিশুশ্রম বন্ধ করা আদৌ সম্ভব কি না জানি না। তবে এ কথা বলা যেতে পারে, পেশাজীবী, সুধী সমাজ, নীতিনির্ধারক, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় শিশুশ্রম বন্ধ করা সম্ভব।
শিশুশ্রম বন্ধে সরকারসহ সবার কার্যকর ভূমিকা পালনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
মোহাম্মদ অংকন
ঢাকা।