সেদিন আমার সন্তান স্কুলে গিয়ে দেখে, ক্লাসের প্রায় তিন–চারজন বাচ্চার জ্বর এসেছে। জ্বরের কারণে অনেকেরই নাকি চোখমুখ লাল হয়ে গেছে। এরপর আমার সন্তানও জ্বরে আক্রান্ত হলো। এক সপ্তাহ জ্বরে ভুগছে সে। সন্তানের জ্বর, পক্স বা ডায়রিয়া হওয়া সত্ত্বেও অনেকে জোর করে তাদের স্কুলে পাঠিয়ে দেন। এতে করে সুস্থ শিশুগুলোর অসুস্থ হওয়ার উপক্রম হয়। স্কুল কর্তৃপক্ষেরও এ ব্যাপারে ভূমিকা থাকা প্রয়োজন। যারা অসুস্থ হবে, তাদের ছুটি দেওয়ার পদ্ধতি থাকা প্রয়োজন এবং পরীক্ষা চলাকালে কোনো শিশু অসুস্থ থাকলে তার পরীক্ষা পরে নেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন। এতে করে রোগের বিস্তার কমবে। এ ছাড়া অনেক স্কুলের আশপাশের ডোবায় প্রচুর মশা থাকে। স্কুলের আশপাশের জায়গা পরিষ্কার রাখলেও বাচ্চাদের অসুস্থতার হার কমে যাবে। শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে নির্দেশনা থাকা প্রয়োজন।
সাঈদ চৌধুরী, গাজীপুর।