ছেলেবেলায় শোনা একটা গল্প দিয়ে শুরু করি। একজনের বাবা মারা গেছে। সংগত কারণে বাড়ির পাশের প্রতিবেশীরা লাশ দাফনের জন্য জড়ো হয়েছে। মৃত ব্যক্তির এক ছেলে শোকে পাগলপ্রায়। তার অবস্থা দেখে এক প্রতিবেশী সান্ত্বনা দিয়ে বলছে, বাবা কি সবার চিরকাল বেঁচে থাকে? ছেলেটি তখন বলছে, আমি বাবার শোকে কাঁদছি না। আজরাইল যে আমার বাড়ি চিনে গেল, এই ভয়েই কাঁদছি।
সব মৃত্যুই শোকের। তবে চীনের বিপ্লবী নেতা মাও সে তুংয়ের সঙ্গে সহমত পোষণ করে বলতে চাই, কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা, আবার কোনো কোনো মৃত্যু থাই পর্বতের মতো ভারী। মাত্র দিন কয়েকের ব্যবধানে র-আদ্যক্ষরযুক্ত দুটি শিশুসহ আরও কয়েকটি শিশু যে নির্মম পৈশাচিকতার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে, তা নজিরবিহীন। ঘৃণা জানানোর ভাষা আমাদের জানা নেই। হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর প্রশাসনযন্ত্র সান্ত্বনার মলম লাগাতে যায়। বুঝি, এ ছাড়া তাদের করার কিছু নেই। কিন্তু প্রশ্ন হলো, সমস্যার গভীরে না গিয়ে আর কতকাল এই হাঁটুজলে সাঁতার কাটা? অপরাধবিজ্ঞানের ভাষায় এটা সামাজিক অপরাধ। তাহলে কি ধরে নেব, পুরো সমাজটাই অপরাধীদের দখলে চলে গেছে? ঘুমাও শান্তিতে রাজন ও রাকিব। আমরাও আছি ঘাতকের অপেক্ষায়...।
রবিউল ইসলাম
শিক্ষক, খোকসা কলেজ, কুষ্টিয়া।