দেশ যখন বিভিন্ন তথ্যপ্রযুক্তি, শিক্ষা আর সভ্যতা নিয়ে এগিয়ে যাচ্ছে, তখনো শিশুহত্যা চলছে! সংবাদপত্রের পাতায় শিশুহত্যার ঘটনা আমরা প্রতিনিয়তই দেখছি। নানা ধরনের নতুন নতুন পন্থায় শিশুদের হত্যা করা হচ্ছে। অভিভাবকেরা উদ্বিগ্ন। অনেকের দিন কাটছে আতঙ্কের মধ্যে। কীভাবে শিশুদের স্কুলে পৌঁছাবেন। পৌঁছানোর পর শিশুরা নিরাপদে বাড়ি ফিরবে কি না।
শিশুহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে প্রত্যাশা, তাঁরা প্রতিটি শিশুহত্যার ঘটনাকে নিজের মনে করে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করবেন, বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন।
শিশুহত্যা করে একজন হত্যাকারীও যেন পার পেয়ে না যায়। বিচার হয় না বলেই একের পর এক শিশুহত্যার ঘটনা ঘটে চলেছে। হত্যাকারীরা ভাবছে, তাদের কিছুই হবে না। তাই শিশুহত্যাকারীদের ব্যাপারে জিরো টলারেন্স মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে।
মকবুল হোসেন
রংপুর।