শিয়াল নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন সন্ধ্যার সময় বৃহত্তর চলনবিলে হুক্কা হুয়া ডাক শোনা যায়। আতঙ্কিত হয়ে একসময় আমরাও নানা-নানি কিংবা দাদা-দাদির কাছে জানতে চাইতাম, এভাবে কারা ডাকে? দেখার অনেক কৌতূহল জাগত। কিন্তু তাদের দেখা মিলত না। কারণ, এরা দিনের বেলায় বেশি ঘোরাফেরা করে না। ঝোপঝাড়েই এদের বসবাস। এখনো অনেক গ্রাম্য এলাকায় শিয়াল মামার গল্প শুনিয়ে বাচ্চাদের ঘুম পাড়ানো হয়। যদিও কালের বিবর্তনে এই শিয়াল এখন বিলুপ্তির পথে। বর্তমানে চলনবিলে বন্যার কারণে ঝোপঝাড় ডুবে গেছে। নিরুপায় শিয়ালরা গ্রামের উঁচু রাস্তায় গর্ত করে অথবা বড় গাছের আড়ালে দল বেঁধে আশ্রয় নিয়েছে। লোকালয়ের লোকজন তা টের পেয়ে নির্বিচারে শিয়াল নিধনে মেতে উঠেছে।

বিবেকের কাছে প্রশ্ন রইল, এই প্রাণীকে হত্যার অর্থ কী? এ যেন পরিবেশ ধ্বংসের আলামত। পরিবেশ রক্ষার্থে বন্য প্রাণী সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। এভাবে শিয়াল নিধন করলে পরিবেশ থেকে শিয়াল বিলুপ্ত হয়ে যাবে, পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়বে। তাই শিয়াল নিধনসহ এ ধরনের নাশকতা সৃষ্টিকারী অপরাধীদের চিহ্নিত করে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করার জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে সবাইকে সচেতন হওয়ার আহ্বান করছি।

মোহাম্মদ অংকন, ঢাকা।