শীত আসি আসি করছে। এখনই রাতে ও ভোরে শীতের হিমেল পরশ পাওয়া যায়। ব্যাপারটা উপভোগ্য, তাতে সন্দেহ নেই।
কিন্তু পরিবেশদূষণ এমন পর্যায়ে চলে গেছে যে ঢাকা শহরে এখন আর শীতের তীব্রতা টের পাওয়া যায় না। কয়েক বছর ধরে এটা অনুভূত হচ্ছে।
কিন্তু শীতের সময় ঢাকা নগরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বায়ুদূষণ। এ সময় বৃষ্টিপাত কম হয়, মাটি থাকে শুকনো। ফলে বাতাসে ধূলিকণার পরিমাণ বেড়ে যায়। আর বছরজুড়েই এ শহরে নানা উন্নয়নমূলক কাজ চলে। ফলে শীতকালে বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করে। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের জন্য শীতকালটা খুবই বিপজ্জনক।
এ কারণে নগর কর্তৃপক্ষের কাছে অনুরোধ, যেখানে উন্নয়নমূলক কাজ চলছে, সেখানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হোক, যাতে বেশি ধুলোবালি উড়তে না পারে।
তাদের উচিত হবে, সবাইকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া। আর তা বাস্তবায়নে যথাযথ নজরদারি করা। তা না হলে আমাদের সবাইকে ভুগতে হবে।
এডওয়ার্ড গৌতম
ঢাকা।