বর্তমানে দেশের সরকারি দপ্তরের চার ভাগের এক ভাগ পদ শূন্য। বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীর অনুমোদিত পদসংখ্যা প্রায় ১৭ লাখ। এ হিসাবে সরকারি দপ্তরগুলোয় মোট পদের এক-চতুর্থাংশই খালি রয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে জানা গেছে। এসব পদ খালি থাকার কারণে প্রশাসনিক কাজের গতি কমার পাশাপাশি সাধারণ জনগণকে পর্যাপ্ত সেবা পেতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে। সরকারি দপ্তরগুলোতে এত পদ খালি থাকলেও দেশে প্রায় ২৭ লাখ পূর্ণ বেকার কাজ খুঁজে বেড়াচ্ছেন বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপে জানা গেছে। জরিপে জানা যায়, শতাংশের হিসাবে দেশে পূর্ণ বেকারত্বের হার ৪ দশমিক ২ শতাংশ। পড়াশোনা শেষে তাঁরা কাজ করতে আগ্রহী। কিন্তু তাঁদের কাজ মিলছে না। এতে তাঁদের বিপথগামী হওয়ার প্রবণতাও আছে। এতে সব দিক থেকেই ক্ষতি হচ্ছে।
কেন এত পদ খালি ফেলে রাখা হচ্ছে, তা আমাদের বোধগম্য নয়। সরকার যদি নির্বাচনমুখী কাজ করতে চায়, তাহলে তাকে দ্রুত এসব শূন্য পদে নিয়োগ দিতে হবে।
জিতেন্দ্র লাল রায়, খুলনা।