শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (আইইআরটি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ইনস্টিটিউট। ২০১২ সালে প্রতিষ্ঠিত হলেও প্রস্তুতি ছাড়াই ২০১৩ শিক্ষাবর্ষ থেকে এখানে দলে দলে শিক্ষার্থী ভর্তি শুরু করা হয়। এই ইনস্টিটিউটে শিক্ষকের দারুণ সংকট রয়েছে।
তিনটি ব্যাচের ৩৭৫ জন শিক্ষার্থীর বিপরীতে ১২টি প্রফেশনাল কোর্সের জন্য ইনস্টিটিউটের প্রধান বিষয় ‘শিক্ষাবিজ্ঞান’ পাঠদানে কেবল একজন শিক্ষক রয়েছেন। একাডেমিক কোর্সের জন্য ১৮ জন শিক্ষক আইইআরটির শিক্ষক হিসেবে রয়েছেন, যাঁদের সবাই দীর্ঘ সময় কলেজের শিক্ষক ছিলেন। এসব নিয়ে পত্রপত্রিকায় বারবার খবর হয়েছে।
বেশির ভাগ শিক্ষকের শিক্ষাবিজ্ঞানে কোনো ডিগ্রি নেই। এ কারণে পাঠদানে এখনো গতানুগতিক পদ্ধতি অনুসরণ করা হয়। স্কুল-কলেজের মতো করে ক্লাসে কেবল বই দেখে দেখে পড়ে যাওয়াটাই পাঠদান হতে পারে না। শিক্ষাবিজ্ঞানের পাশাপাশি বাংলা, ইংরেজি, পদার্থ, ইতিহাস ইত্যাদির মতো বিষয়গুলো কেন পড়ছি, তার প্রাসঙ্গিকতা শ্রেণিকক্ষে খুঁজে পাই না।
আইইআরটিতে ক্লাসরুমের সংখ্যা খুবই কম। এসব ক্লাসরুমে নিয়মিত বিশ্ববিদ্যালয় কলেজের ক্লাসও চলে। ফলে সব সময় ক্লাসরুম নিয়ে বিপাকে পড়তে হয় আমাদের। ইতিমধ্যে আমরা সেশনজটে পড়েছি। নামমাত্র একটি সেমিনার লাইব্রেরি রয়েছে, যেখানে পর্যাপ্ত বই-পুস্তকের অভাব তো রয়েছেই, একসঙ্গে ১০ জনের বেশি শিক্ষার্থী সেখানে বসতে পারেন না।
এই অবস্থার আশু সমাধানে যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
রাহা, আলম, আমিনুল, চৈতি
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।