পূজামণ্ডপে হামলাকারীরা কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় ধরা পড়েছে। তাদের পেছনে কারা আছে, সেই নাটের গুরুদেরও চিহ্নিত করে ধরা হোক। এসব ন্যক্কারজনক ঘটনার দ্রুত বিচার দেখতে চায় জনগণ। একটার পর একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটে। কিন্তু বিচার হয় না বলে এমন ঘটনা ঘটেই চলেছে।
কত আর দেখব আর শুনব পূজামণ্ডপে আর সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনা? শুনেই কি যাব? অপরাধীদের বিচার কি হবে না? বিচারের বাণী কি চিরকাল নিভৃতে–নীরবে কাঁদবে? এত বড় দুঃসাহস পায় কোথা থেকে? একটি এলাকায় হামলা আর ভাঙচুর করে যারা, এদের সংখ্যা বড়জোর দু–তিন শ। আর সেই এলাকায় হাজারো মানুষ কী করেন? কেন তাঁরা গুটিকয়েক দুষ্কৃতকারীকে রুখে দিতে পারেন না। সেসব অপকর্মকারীর শক্তির উৎস কোথায়, তা খুঁজে বের করা হোক।
হামলার পর বিশিষ্টজনেরা বিবৃতি দেন, সম্প্রীতির বাংলাদেশে রুখতে হবে অপশক্তি। প্রতিটি ঘটনার পর এমন বিবৃতি আমরা দেখে আসছি। দায়সারা গোছের এসব বিবৃতি দিয়ে কি পরিস্থিতি বদলানো যায়? বিশিষ্ট নাগরিকেরা কেন বিচারকার্য দ্রুত শেষ করার জন্য সরকারকে চাপ দিচ্ছেন না? কেন হামলাকারীরা জামিন পেয়ে যায়?
বিচার না হলে সনাতন ধর্মাবলম্বীরা এভাবে হামলার শিকার হতে থাকবে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। মুসলমানের যে অধিকার আছে, ঠিক তেমনি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, শিখ, চাকমা, মগসহ অন্যান্য জাতিগোষ্ঠীর আছে একই অধিকার—এই তো আমাদের বাংলাদেশ। সব নাগরিকের অধিকার নিশ্চিত করা হোক। কোনো নাগরিককে আলাদাভাবে দেখার সুযোগ নেই।
লিয়াকত হোসেন
রূপনগর, ঢাকা।