সংখ্যালঘুদের বাঁচার অধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বনেতাদের অবশ্যই একটি বিষয়ে একমত হতে হবে। সেটি হলো সংখ্যালঘুদের ওপর কোনো দেশের সরকার বা জনগণ নির্যাতন-নিপীড়ন চালাতে পারবে না। যারা সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়ন চালাবে, মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি ধ্বংস করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, আইন প্রণয়ন করতে হবে।
একটি রাষ্ট্রে শুধু এক ধর্মের লোক বসবাস করে না। প্রত্যেক নাগরিকই নিজ নিজ ধর্ম পালনের অধিকার পাবে। কারণ, ধর্ম পালন মানুষের অন্যতম মৌলিক অধিকার। অর্থাৎ ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এটাই হলো মূলনীতি। বিশ্বনেতাদের সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অধিকার রক্ষায় একমত হতে হবে। কেউ কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবে না। সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের ধর্ম পালনে বাধা দিতে পারবে না। বিশ্বনেতারা যদি এ বিষয়ে একমত হয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচনা করে এ ব্যাপারে কঠোর অবস্থান নিতে বাধ্য করাতে পারেন, তাহলে পৃথিবীতে ধর্ম নিয়ে হানাহানি বন্ধ হবে। মনে রাখতে হবে, পৃথিবীটা শুধু সবলদের জন্য নয়, দুর্বলদেরও এখানে বাঁচার অধিকার আছে।
আবদুল জলিল মোড়ল, যশোর।