দেখতে দেখতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অবরোধের দুই মাস হয়ে গেল। এ লেখাটি যখন পাঠক পড়ছেন, তখনো হয়তো আর একটি হরতালের ঘোষণা আসবে। আওয়ামী লীগের নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানের বেঁধে দেওয়া এক সপ্তাহ আট সপ্তাহের বেশি হয়ে গেল। আজও তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছে না।
চলমান এসএসসি পরীক্ষা ১৩ বারের মতো পেছাল। টানা দুই মাসের অবরোধ-হরতালে ক্ষতি ১ লাখ ৩০ হাজার কোটি টাকা নিরূপণ করা হলেও প্রকৃতপক্ষে ক্ষতির পরিমাণ আরও বেশি। এ ছাড়া সাধারণ মানুষের দুঃখ–দুর্দশা চরম পর্যায়ে পৌঁছেছে।
আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না, তা নিয়েও উদ্বিগ্ন ১২ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। অপর দিকে সুশীল সমাজ, ইইউ, জাতিসংঘ সংলাপের কথা বললেও সরকার নিজেদের অবস্থান থেকে বিন্দুমাত্র সরে আসেনি। বিএনপিও ধ্বংসাত্মক কর্মসূচি থেকে সড়ে আসছে না। প্রতিদিনই বাসে–ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। দু–চারজন দুষ্কৃতকারী হলেও বেশির ভাগ ধরাছোঁয়ার বাইরে থাকছে। প্রতিদিন বার্ন ইউনিটে আগুনে পোড়া সাধারণ মানুষের সংখ্যা বেড়েই চলেছে। মৃত্যুর মিছিল যেন কিছুতেই থামছে না। মরছে সাধারণ মানুষ।
আমরা সরকারের বা বিরোধী দলের কাছে ভাত-কাপড় চাই না, নিরাপত্তা চাই। তাহলে আমরা কেন পেট্রোলবোমার শিকার হব? আমরা চাই বাঁচার অধিকার। চাই স্বাধীনভাবে চলতে। মুক্ত মত প্রকাশ করতে। লেখার উত্তর লেখা দিয়েই দিতে হবে, চাপাতির কোপে নয়। রাষ্ট্রকে সেই নিরাপত্তা দিতে হবে।
এ কে এম কায়সারুল আলম
লালমনিরহাট