সংসদ সদস্যের প্রতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি মাননীয় সংসদ সদস্য ফজলে নূর তাপসের এলাকার একজন ভোটার। মহান জাতীয় সংসদে আপনি আমার প্রতিনিধি। এই মুহূর্তে সারা দেশের স্বাস্থ্যসম্পর্কীয় এক অতীব গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। সাম্প্রতিক সময়ে খাদ্যে ভেজাল তথা বিষযুক্ত খাদ্যে সারা দেশ সয়লাব হয়ে গেছে বলে গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এতে আমাদের বর্তমান প্রজন্মের সঙ্গে ভবিষ্যৎ অস্তিত্বও আজ হুমকির সম্মুখীন। এ বিষয়ে সরকার ও জনগণের যৌথ উদ্যোগই পারে আমাদের দেশ থেকে বিষযুক্ত খাদ্য সমূলে উৎপাটন করতে।
আমরা খাদ্যের নামে বিষ খাচ্ছি, আমাদের সন্তানেরা বিভিন্ন গুরুতর অসুখের ঝুঁকি নিয়ে বড় হচ্ছে। সংবাদপত্রের অনুসন্ধানী প্রতিবেদনে দেখা যায়, ইনস্টিটিউট অব পাবলিক হেলথের গবেষণা প্রতিবেদন অনুযায়ী বর্তমানে মেথি, তিলের তেল আর গোলমরিচ ছাড়া কোনো খাবার বিষমুক্ত নয়। যেমন: মাছ, মাংস, দুধ, ডিম, সব ধরনের শাকসবজি, ফলমূল এমনকি ওষুধ পর্যন্ত বিষযুক্ত। যা ভয়াবহ পর্যায়ে চলে গেছে এবং যাচ্ছে।
অদূর ভবিষ্যতে দেশের শিশুরা রিটার্ডেড ও স্টানটেড গ্রোথের শিকার হবে এবং একটি বিশাল জনগোষ্ঠীর মধ্যে ক্যানসার, কিডনি ও লিভার রোগ মহামারি আকারে ছড়িয়ে পরতে পারে। এই ভয়াবহ অবস্থা হওয়ার আগেই এ ব্যাপারে ত্বরিত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যক ও অবশ্যকরণীয়।
একজন মাননীয় ও দায়িত্বপূর্ণ সংসদ সদস্য হিসেবে এমন একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আপনার ব্যক্তিগত ও আন্তরিক সক্রিয় ভূমিকা বিশেষভাবে কামনা করছি।
তা ছাড়া, একজন নির্বাচিত জনপ্রতিনিধি তথা আইনপ্রণেতা হিসেবে জনগণের বিষমুক্ত খাদ্যের দাবি জাতীয় সংসদে তুলে ধরার জন্য এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি সংবিধানের ৭৬(২)(খ) ও (গ) অনুচ্ছেদ অনুসারে সরকারের প্রতিটি দপ্তরের জবাবদিহি নিশ্চিত করার জন্য আপনার আন্তরিক উদ্যোগ কামনা করছি।
এ বি এম খায়রুল হক
ধানমন্ডি, ঢাকা।
(সাবেক প্রধান বিচারপতি চিঠিটি লিখেছেন ১১ নভেম্বর)