১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের পর আমাদের দেশে সংসদীয় সরকারব্যবস্থা চালু হলেও এখন পর্যন্ত সেই ব্যবস্থা পুরোপুরি সফল হয়নি। বহুদলীয় গণতান্ত্রিক দেশগুলোতে প্রধান দলগুলো যে হারে ভোট পায়, ঠিক সে হারে আসন পায় না। হয়তো ভোটের হারের চেয়ে আসন অনেক বেশি, নয়তো অনেক কম।
ছোট দলগুলো সংসদে আসন পায় না। অথচ ছোট দলগুলোতেও অনেক যোগ্য প্রার্থী থাকেন, যাঁরা সংসদে আসতে পারলে দেশ ও জাতির অনেক উপকার হতে পারত। ভোটপ্রাপ্তির শতকরা হার হিসাবে যদি আনুপাতিক হারে আসনসংখ্যা নির্ধারিত হয়, তাহলে ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে, সংসদ কার্যকরী হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতাও বজায় থাকবে।
ভোটের পার্থক্য খুব কম থাকা সত্ত্বেও যখন বড় দল অনেক কম আসন পায়, তখন স্বাভাবিকভাবেই তারা হতাশ হয়ে পড়ে। কারণ, আমাদের দেশে যারা সরকার গঠন করে, তারাই সব পায়। আর সরকারি দল যদি চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে আর তাকে ঠেকায় কে। সে হয়ে ওঠে দানব। এই দানব সৃষ্টি হতে দেওয়া যাবে না। ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে হবে। সে লক্ষ্যে আনুপাতিক হারে আসন বণ্টন একটি পদ্ধতি হতে পারে।
বিপ্লব বিশ্বাস, ফরিদপুর।