সচেতন হোন এক্ষুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরায় লিফট দুর্ঘটনায় দগ্ধ হয়ে প্রাণ গেল সাতজনের। শুধু তাই নয়, সমগ্র মার্কেটে লিফট বিস্ফোরণের আগুন ছড়িয়ে পড়েছিল। এই বিষয়গুলো কি খুবই বিস্ময়কর? আমরা কি যন্ত্রের সঠিক ব্যবহার করতে পারছি? প্রতিটি যন্ত্র আমরা ব্যবহার করছি অথচ তার রক্ষণাবেক্ষণ না করেই চালিয়ে যাচ্ছি! অথচ কোনো যন্ত্রের যান্ত্রিক ক্ষমতা সঠিকভাবে ক্রিয়াশীল রাখার জন্য অবশ্যই যন্ত্রটির ক্যাটালগ অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর রক্ষণাবেক্ষণ করা জরুরি।
বর্তমানে যে সুউচ্চ ফ্ল্যাট বা মার্কেট তৈরি করা হচ্ছে, সেগুলোর প্রতিটিতেই লিফট ব্যবহৃত হচ্ছে। কিন্তু হতাশার কথা হলো, অনেক ফ্ল্যাটেই লিফট থাকলেও দক্ষ লিফট অপারেটর থাকে না। কোনো সময় দুর্ঘটনা হলে ভাড়া করা মিস্ত্রি দিয়ে সারিয়ে লিফট আবার চালু করা হয়। তা ছাড়া, ধারণক্ষমতার অধিক মানুষ লিফটে ওঠানামা করে প্রতিনিয়ত। এগুলো সবই অব্যবস্থাপনার একেকটা ক্ষেত্র।
প্রতিটি দুর্ঘটনা থেকে শিক্ষা না নিলে কোনো দিনই দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। যন্ত্র সঠিকভাবে পরিচালনার জন্য দক্ষ অপারেটর প্রয়োজন এবং তার সঙ্গে প্রয়োজন নির্দিষ্ট সময় পরপর যন্ত্রের রক্ষণাবেক্ষণ।
আসুন সচেতন হই, মানুষের জীবন নিরাপদ হবে এমনিতেই।
সাঈদ চৌধুরী
শ্রীপুর, গাজীপুর।