বাংলাদেশে পুলিশের গাড়িতে যে সাইরেন বাজে, তা সর্বজনবিদিত। এই সাইরেন শুনলে আমরা বুঝি, পুলিশ জরুরি কাজে যাচ্ছে বা পেছনে ভিআইপি আছেন, নিরাপত্তার জন্য রাস্তায় জায়গা চাইছে। অথচ বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে, ব্যক্তিগত কিছু গাড়িতেও এ ধরনের সাইরেনের মতো হর্ন ব্যবহার করা হচ্ছে। এর ফলে জনসাধারণ বিভ্রান্ত হচ্ছে।
অনেক সময় আমরা সাইরেনের শব্দ শুনেও বিভ্রান্ত হয়ে পুলিশকে রাস্তায় জায়গা দিচ্ছি না, এতে ভুল–বোঝাবুঝি হচ্ছে।
এখন দেখা যায়, ব্যক্তিগত গাড়িতে পেশাজীবীরা নিজেদের পেশার সাইনবোর্ড ঝুলিয়ে রাখেন। যেমন আইনজীবী, সাংবাদিক ইত্যাদি পেশার মানুষজন তাঁদের পেশার নাম গাড়িতে লিখে রাখেন। তাঁরা কেন এই কাজটি করেন তা আমাদের বোধগম্য নয়। এর ফলে তাঁরা কি পথ চলার ক্ষেত্রে সাধারণ মানুষের চেয়ে বেশি সুযোগ-সুবিধা চান? নাকি জনসাধারণকে ক্ষমতার দম্ভ দেখিয়ে ভীতসন্ত্রস্ত করে রাখতে চান, ব্যাপারটা সত্যিই আমাদের বোধগম্য নয়। আবার অনেকেই গাড়িতে সাংবাদিক সাইনবোর্ড ঝুলিয়ে অপরাধ করে যাচ্ছেন, ফলে সংশ্লিষ্ট পেশাজীবীদেরও ব্যাপারটা খতিয়ে দেখা দরকার।
মুনিরা চৌধুরী, ধানমন্ডি, ঢাকা।