সঞ্চয়পত্রের মুনাফা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ২০০০ সালে অবসর নেওয়ার পর পেনশনের শতকরা ১০০ ভাগ সমর্পণ করেছিলাম।

সেই টাকা বিভিন্ন সঞ্চয়পত্র ও অন্যান্য সঞ্চয় মাধ্যমে বিনিয়োগ করে তার মুনাফা দিয়ে সংসারের যাবতীয় ব্যয় এতদিন নির্বাহ করে আসছি। উল্লেখ্য, সেই সময় আমার মূল বেতন বর্তমানের তুলনায় (এর মধ্যে তিনটি নতুন স্কেল এসেছে) খুবই কম ছিল, তাই আনুতোষিক হিসেবে যা পেয়েছিলাম, তা ছিল খুবই নগণ্য।
সরকার কর্তৃক যতবারই মহার্ঘ ভাতা, বেতন স্কেল প্রবর্তন করা হয়েছে, ততবারই শতকরা ১০০ ভাগ পেনশন সমর্পণকারীরা উপেক্ষিত হয়েছেন। ‘সিনিয়র সিটিজেন’ হওয়া সত্ত্বেও আমরা কোনো সুবিধা পাইনি, এটা ন্যায়বিচারের পরিপন্থী। মনে হয়, মুদ্রাস্ফীতি যেন আমাদের স্পর্শই করে না।
নবম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন যথেষ্ট পরিমাণে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এই পে-স্কেলে যদি শতকরা ১০০ ভাগ পেনশন সমর্পণকারীদের বিশেষ সুবিধার ব্যবস্থা না রাখা হয়, তাহলে যেন তেমন ব্যবস্থা নেওয়া হয়।
মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে পেনশনার সঞ্চয়পত্রের মুনাফা ২ শতাংশ হ্রাস করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এতে আমাদের আয় আরও কমে যাবে।
মানুষ সব সময় দ্রব্যমূল্যের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আয় বৃদ্ধি প্রত্যাশা করে। সিনিয়র সিটিজেনরা এই সমাজেরই অংশ। এই মানুষেরাই একসময় রাষ্ট্রের অনেক গুরুদায়িত্ব পালন করেছেন।
আজ কেন তাঁরা অবহেলিত থাকবেন। বিষয় দুটি ভেবে দেখার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশেষভাবে অনুরোধ করছি।
নূর উদ্দিন আহমেদ
মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা।