মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) যৌথভাবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ব্যাংকের আমানত বাড়াতে সঞ্চয়পত্রের মুনাফার হার আরও কমানোর পরামর্শ ও প্রস্তাব দিয়েছেন। কিন্তু সঞ্চয়পত্রের ক্রেতাদের দুই-তৃতীয়াংশ প্রবীণ শিক্ষক, অব্যবসায়ী, বৃদ্ধ নর-নারী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। সঞ্চয়পত্রের মুনাফার ওপর ভরসা করে তাঁরা নিজেদের সংসারের যাবতীয় ব্যয়, যেমন ছেলেমেয়েদের লেখাপড়া, বাড়িভাড়া, দৈনন্দিন বাজার, ওষুধপত্র ও চিকিৎসার খরচ নির্বাহ করেন।
কথা হচ্ছে, ব্যাংকের সুদের হার বাড়ার প্রধান কারণ হচ্ছে খেলাপি ও অবলোপন হয়ে যাওয়া ঋণ। রাষ্ট্র বড় বড় লুটেরাদের ব্যাংক থেকে টাকা লোপাট করার সুযোগ দিচ্ছে, আর ব্যবসায়ীদের স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য সঞ্চয়পত্রের সুদের হার কমিয়েছে। এটা করেও যে ব্যাংকের সুদের হার কমবে ও তার ফলস্বরূপ বিনিয়োগ বাড়বে, এমন নিশ্চয়তা নেই।
তবে সঞ্চয়পত্রের সুদের হার কমানোর কারণে এর ক্রেতাদের মধ্যে বিভিন্ন অখ্যাত অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানে বিক্ষিপ্তভাবে টাকা জমা রাখার প্রবণতা সৃষ্টি হতে পারে। সেটা হলে অনেকেই প্রতারণার শিকার হবেন।
এ পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে সরকারকে পুনরায় ভাবার অনুরোধ করছি।
আবুল কালাম, চট্টগ্রাম।