সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকাল সড়ক দুর্ঘটনা আমাদের দেশে নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পত্রিকা খুললেই প্রতিদিন সড়ক দুর্ঘটনার সচিত্র সংবাদ চোখে পড়ে। দুর্ঘটনা মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিচ্ছে মানুষের অমূল্য জীবন, ভেঙে দিচ্ছে তাদের সাজানো সুখের সংসার। সাধারণত, আমাদের দেশের দুর্ঘটনাগুলো নিয়মিত কয়েকটি কারণে হয়ে থাকে। এর বেশির ভাগই অদক্ষ, অযোগ্য ও লাইসেন্সবিহীন চালকের কারণে। তা ছাড়া, একশ্রেণির অসৎ মালিক লোভের মোহে ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় নামিয়ে দেন। ট্রাফিক আইন ভঙ্গের কারণেও অনেক দুর্ঘটনা ঘটে। তাই এই আইনকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করতে হবে। এ ছাড়া চালকদের প্রতিযোগিতামূলক মনোভাব এবং জনসাধারণের রাস্তা পারাপারে অসতর্কতা ও অজ্ঞতাও দুর্ঘটনার আরেকটি কারণ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে লাইসেন্স প্রদান, রাস্তাঘাট সংস্কার, ট্রাফিক সিগন্যাল-ব্যবস্থার উন্নয়নসহ যাবতীয় কাজ করা। ‘নিরাপদ সড়ক চাই’—এই আন্দোলন আজ সারা দেশে বাস্তবায়নের দাবি উঠেছে। যার কারণে তারেক মাসুদ, মিশুক মুনীরসহ দেশের মেধাবী সম্পদকে যেন আর না হারাতে হয়। তাই দুর্ঘটনা রোধে প্রচার চালিয়ে এবং দোষী ব্যক্তিদের শাস্তি দিয়ে সবার মনে এই মানসিকতা তৈরি করা উচিত যে ‘দুর্ঘটনা কোনো দৈব বিষয় নয়’। একটু সতর্ক থাকলেই তা রোধ করা সম্ভব।
এস এম তৌহিদ ইমাম, সিরাজগঞ্জ।