সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। এ কারণে প্রতিদিন ঝরে যাচ্ছে অনেক তাজা প্রাণ, আহত হচ্ছে অসংখ্য মানুষ। সড়ক দুর্ঘটনা কমানোর জন্য বিভিন্ন সময় সাময়িকভাবে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হলেও সেগুলোর যথাযথ ব্যবহার হচ্ছে না। এ কারণে সড়ক দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
অথচ সুনির্দিষ্ট কিছু বিষয়ে কঠোর পদক্ষেপ নিলে অত্যন্ত সহজেই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।
সারা দেশের যেসব মহাসড়ক ও সড়ক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, সেগুলো জরুরি ভিত্তিতে সংস্কার করতে হবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি মহাসড়কে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোয় রোড ডিভাইডার স্থাপনের ব্যবস্থা করতে হবে। রাস্তায় ফিটনেসহীন গাড়ি চলাচল প্রতিরোধে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা রাখতে হবে।
ফিটনেসহীন গাড়ি রাস্তায় পেলে সেগুলো তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করতে হবে। গাড়িচালকদের ড্রাইভিং লাইসেন্স সঠিক কি না, তা পরীক্ষা করে দেখতে হবে। লাইসেন্সবিহীন গাড়িচালকদের তাৎক্ষণিক কঠোর শাস্তি দিতে হবে। ট্রাফিক আইন ভঙ্গকারীর জন্য মোটা অঙ্কের অর্থ জরিমানা করা উচিত। গাড়িচালকদের জন্য ট্রাফিক আইন এবং গাড়ি চালানোর নিয়মকানুন শেখানোর জন্য নিয়মিত কর্মশালার ব্যবস্থা রাখতে হবে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির উদ্যোগ নিতে হবে, গণমাধ্যমকেও এ লক্ষ্যে এগিয়ে আসতে হবে।
সর্বোপরি সবার ঐকান্তিক চেষ্টাই পারে সড়ক দুর্ঘটনার অভিশাপ অনেকাংশে নির্মূল ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে।
উজ্জ্বল দাস পোদ্দার, ঢাকা।