সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটির সময় থেকে দেশে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। ঈদের পর থেকে এখন পর্যন্ত দুর্ঘটনায় প্রায় ২৫০ জন মানুষ মারা গেছে। সিরাজগঞ্জের একটি স্থানেই পরপর দুদিন দুটি দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যে সরকার মহাসড়কে অটোরিকশা ও ছোট যান চলাচল নিষিদ্ধ করেছে। এর আগেও এই সিদ্ধান্ত কয়েকবার নেওয়া হয়েছে, কিন্তু তা কার্যকর হয়নি।
কথা হচ্ছে, মহাসড়কে অটোরিকশা চলাচলের প্রয়োজনীয়তা কেন সৃষ্টি হয়েছে? মহাসড়কের আশপাশে বসবাসরত মানুষেরা কীভাবে চলাচল করবে? এই প্রশ্নটি আমলে নেওয়া হলেই দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। কারণ, দেশের প্রায় ৯০ ভাগ মহাসড়কের পাশে স্থানীয় মানুষের চলাচলের ব্যবস্থা নেই, তাই বাধ্য হয়েই তাদের মহাসড়ক দিয়ে চলাচল করতে হয়। ফলে স্বাভাবিকভাবেই দুর্ঘটনা বেশি হয়।
আর মহাসড়কগুলোর অধিকাংশই দুই লেনের, সেগুলোর অনেক বাঁকই খুব বিপজ্জনক। মহাসড়কগুলো নির্মাণে যথাযথভাবে প্রকৌশলবিদ্যা প্রয়োগ করা হয়নি। এসব নানা কারণেই দুর্ঘটনা বেড়েছে, এটা নতুন ব্যাপার নয়। পরিসংখ্যান করলে দেখা যাবে, দেশে সড়ক দুর্ঘটনাতেই সবচেয়ে বেশি মানুষ মারা যায়।
সরকার কি কোনো দিন এ কারণগুলো নিরসনে যথাযথ ভূমিকা নেবে?
এডওয়ার্ড গৌতম, ঢাকা।