কারওয়ান বাজারের বিজিএমএই ভবনের সামনে এখন চলছে মগবাজার-মৌচাক উড়ালসড়কের বর্ধিতাংশের কাজ। খোঁড়াখুঁড়ির কাজ প্রায় শেষ হয়ে এসেছে। কিন্তু এ কাজ করতে গিয়ে সড়কের এক অংশের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। এটি এমনিতেই অনেক ব্যস্ত সড়ক, তার ওপর আছে কারওয়ান বাজার। মাছের আড়তও ঠিক বিজিএমইএ ভবনের সামনে অবস্থিত। এই অবস্থায় সেখান দিয়ে যাতায়াত করা কঠিন হয়ে উঠেছে।
কথা হচ্ছে, উড়ালসড়ক কর্তৃপক্ষ রাস্তা ভেঙে ফেলছে। আইন অনুসারে, এই রাস্তা মেরামত করার দায়িত্বও তাদের, কাজ চলার সময়ও তাদের সড়ক মেরামত করার কথা। মগবাজারে যখন কাজ চলছিল, তখন সড়কমন্ত্রীর হুমকির পর বেশ কয়েকবার মূল রাস্তা মেরামতও করা হয়েছিল। কিন্তু এ সড়কটির বেলায় আমরা তা দেখছি না। সড়কটি যেন এতিম হয়ে পড়েছে। সে কারণে প্রতিদিনই বিপুলসংখ্যক মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। আর বৃষ্টি হলে তো পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে।
অবিলম্বে সড়কটি মেরামতের ব্যবস্থা নেওয়া হোক।
এডওয়ার্ড গৌতম
ঢাকা।